War in West Asia

যুদ্ধের নবম দিন: সুর নরম করেও পশ্চিম এশিয়ায় প্রত্যাঘাত জারি ইরানের, ইজ়রায়েলের হামলা লেবাননে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান শনিবার উপসাগরীয় অঞ্চলের দেশগুলির কাছে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, প্রতিবেশীদের সঙ্গে তাঁদের কোনও শত্রুতা নেই। তবে সংঘাতে ইতি টানছে না তেহরান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:২৪
Share:

ইরানের হামলার পর সৌদি আরবের পরিস্থিতি। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৫:২৬ key status

খামেনেইয়ের সকল উত্তরাধিকারীকে হুঁশিয়ারি

খামেনেইয়ের কুর্সিতে যিনিই বসবেন, তাঁকেই হত্যা করা হবে। ইজ়রায়েলের সেনাবাহিনী এমনটাই হুঁশিয়ারি দিল। বলা হয়েছে, খামেনেইয়ের সকল উত্তরাধিকারীর বিরুদ্ধে অভিযান জারি থাকবে। সেই সঙ্গে যাঁরা খামেনেইয়ের পদে কাউকে বসাতে চাইবেন, তাঁদেরও নিশানা করবে নেতানিয়াহুর বাহিনী।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৫:১৯ key status

ব্রিটেনকে বার্তা ইরানের

লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ব্রিটেন সরকারকে সাবধান করে দিয়েছেন। বলেছেন, ‘‘যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে খুব সাবধানে পদক্ষেপ করুন।’’ তবে এখনও পর্যন্ত ব্রিটেনের অবস্থানে ইরান সন্তুষ্ট, জানিয়েছেন দূত।

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৫:১৪ key status

‘ডবল ট্যাপ’ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের নাজাফাবাদ শহরে রবিবার নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা-ইজ়রায়েলের বাহিনী। অভিযোগ, ‘ডবল ট্যাপ’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো  হয়েছে। প্রথম হামলায় জখমদের উদ্ধারকাজ চলছিল। তার মধ্যেই একই জায়গায় ফের আছড়ে পড়ে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র। অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫০।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৪:১৩ key status

নেতানিয়াহুর হুঙ্কার

ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর দাবির পাল্টা হিসাবে হুঙ্কার দিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘‘সবে তো শুরু, আগামী দিনে আরও অনেক চমক বাকি।’’ কী ধরনের চমকের কথা তিনি বলেছেন, তা স্পষ্ট নয়।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৪:১২ key status

ছ’মাসের রসদ

ইরানের রেভোলিউশনারি গার্ড বাহিনী দাবি করেছে, আরও ছ’মাস ধরে জোরদার যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রসদ তাদের কাছে রয়েছে। ফলে এখনই আত্মসমর্পণ করার কথা বা পিছু হটার কথা তারা ভাবছে না।

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৪:০৯ key status

হরমুজ় প্রণালীতে নৌকা ডুবে নিহত ৩

হরমুজ় প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির পতাকাবাহী একটি নৌকায় হামলা চালানো হয়েছিল শুক্রবার। তাতে ইন্দোনেশিয়ার নাগরিকেরা ছিলেন। রবিবার সে দেশের সরকার জানাল, তিন জনের মৃত্যু হয়েছে। এক জনের চিকিৎসা চলছে ওমানের হাসপাতালে। এখনও তিন জন নিখোঁজ।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৩:০১ key status

ছাড়া পেলেন ২২ ইরানি নাবিক

ইরানের রণতরী ডেনার ২২ জন নাবিককে ছুটি দিল শ্রীলঙ্কার হাসপাতাল। এত দিন তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেশে ফেরার বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১২:৪৩ key status

সর্বোচ্চ নেতার নাম ঘোষণা শীঘ্রই

ইরানের সর্বোচ্চ নেতার পদ নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞদের সভার অন্যতম নেতা আয়াতোল্লা মহম্মদ-মাহদি মিরবাঘেরি। জানিয়েছেন, শীঘ্রই ইরানের মানুষ সন্তুষ্ট হবেন। নেতার নাম ঘোষণায় বিলম্ব অনিচ্ছাকৃত বলেও উল্লেখ করেছেন তিনি।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১২:২৮ key status

স্কুলে হামলা নিয়ে ট্রাম্প

দক্ষিণ ইরানের মিনাবে মেয়েদের স্কুলে হামলা চালানোর দায় ইরানের উপরেই ঠেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমাদের মনে হয়, এটা ইরানের কাজ। ওদের দেশের স্কুলে হামলা চালিয়েছে ওরাই। কারণ, অস্ত্র নিশানায় ওরা খুব একটা দড় নয়। অন্যত্র নিশানা করতে গিয়ে নিজেদের দেশের স্কুলেই হামলা চালিয়েছে।’’

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৯:২১ key status

কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা

ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী জানিয়েছে, কুয়েতে মার্কিন সেনাঘাঁটির সদর দফতরে হামলা চালানো হয়েছে। পশ্চিম এশিয়ায় ইজ়রায়েল এবং আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চলছে।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:৫৯ key status

ওসলোর মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ

নরওয়ের ওসলো শহরে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ হয়েছে। কী থেকে বিস্ফোরণ, এখনও স্পষ্ট নয়। দূতাবাসের সঙ্গে কথা বলছে স্থানীয় প্রশাসন। হতাহতের খবর নেই।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:৩৫ key status

লেবাননে সংঘর্ষ জারি

লেবাননে ইরান সমর্থিত হিজ়বুল্লাদের নিশানা করে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। রবিবারও ইজ়রায়েলি সেনা দাবি করল, তারা লেবাননের রাজধানী বেইরুটে হিজ়বুল্লা কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছিল, ইজ়ারায়েলি হামলায় বেইরুটের একটি হোটেলে চার জনের মৃত্যু হয়েছে।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:৩৪ key status

আমেরিকায় পৌঁছোল যুদ্ধে নিহতদের দেহ

সরকারি হিসাবে পশ্চিম এশিয়ার যুদ্ধে এখনও পর্যন্ত ছ’জন মার্কিন সেনার প্রাণ গিয়েছে। শনিবার (স্থানীয় সময়) তাঁদের দেহ আমেরিকায় পৌঁছেছে। রাষ্ট্রীয় সম্মানে ঘরে ফেরানো হয়েছে নিহতদের কফিন।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:৩১ key status

ক্ষতিগ্রস্ত দুবাই মেরিনার টাওয়ার

ইরান থেকে উড়ে আসা ড্রোন আটকানোর পর তার ধ্বংসাবশেষ আঘাত করল দুবাই মেরিনার একটি টাওয়ারে। এর ফলে শনিবার রাতে সেখানে আগুন ধরে যায় এবং ধোঁয়া দেখা যায়। তবে স্থানীয় প্রশাসনের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:২৪ key status

কুয়েতে হামলা

কুয়েতের সামাজিক নিরাপত্তা দফতরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। দফতরের মূল ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:২৩ key status

সৌদিতে ড্রোন

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রিয়াধে একটি ড্রোন উড়ে এসেছিল। সেনাবাহিনী তা আটকে দিয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সৌদির আকাশসীমায় ঢুকে পড়া এমন অন্তত ১৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:২০ key status

হামলা অব্যাহত

অভিযোগ, ক্ষমা চাওয়ার পরেও ইরান হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার প্রেসিডেন্টের বার্তা আসার পরেও উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে উড়ে এসেছে ইরানের ড্রোন।

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:১৮ key status

ইরানের সুর নরম

শনিবারই সুর খানিক নরম করেছিল ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রতিবেশী দেশগুলির কাছে। জানিয়েছিলেন, ইরানে হামলা না হলে তারাও আর কোনও প্রতিবেশী দেশে হামলা চালাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement