ইজ়রায়েলে পৌঁছনোর পরে বেনে মেনাশেদের স্বাগত জানানো হচ্ছে। — নিজস্ব চিত্র।
ভারতে থাকা ‘বেনে মেনাশে’ সম্প্রদায়ের বাসিন্দাদের ইজ়রায়েলে ফিরিয়ে নিয়ে যেতে ‘অপারেশন উইংস অব ডন’ নামে সদ্য এক নয়া নীতি নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। তারই প্রথম ধাপে ইজ়রায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নেমেছেন উত্তর-পূর্ব ভারত থেকে যাওয়া বেনে মেনাশে সম্প্রদায়ের আড়াইশোরও বেশি সদস্য।
বেনে মেনাশেরা নিজেদের ইজ়রায়েলের ‘হারিয়ে যাওয়া দশটি গোত্রের’ একটির বংশধর বলে মনে করেন। বেনে মেনাশে সম্প্রদায়ের মৌখিক ইতিহাস অনুযায়ী, তাঁদের পূর্বপুরুষেরা প্রায় ২৭০০ বছর আগে স্থানান্তর শুরু করে পারস্য, আফগানিস্তান, তিব্বত ও চিন পেরিয়ে উত্তর-পূর্ব ভারতে আসেন।এখানে তাঁরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, তবে ওই সম্প্রদায়ের মানুষেরা ছোটবেলা থেকে সুদূর ইজ়রায়েলের গল্প ও গান শুনে বড় হয়েছেন। মনেপ্রাণে ‘স্বদেশে’ ফিরে যেতে চান তাঁরা। প্রাচীন প্রথা ও ইহুদি ঐতিহ্যের সঙ্গে মিল যাচাই করার পরে ২০০৫ সালে ইজ়রায়েল সরকার আনুষ্ঠানিক ভাবে এই সম্প্রদায়কে স্বীকৃতি দেয়। বেনে মেনাশে কাউন্সিলের তথ্য অনুযায়ী, সরকারি উদ্যোগের আগেই ভারত থেকে বেনে মেনাশেদের প্রায় ৫০০০ জন সদস্য ইজ়রায়েলে চলে গিয়েছেন এবং অন্তত ৬০০০ জন এখনও যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন। মিজ়োরাম থেকে ইজ়রায়েলে যাওয়া বেনে মেনাশে যুবকেরা সেখানকার যুদ্ধেও অংশ নিয়েছেন।
ইজ়রায়েলে আসা নতুন অভিবাসীরা ‘আলিয়া’ (মূলে ফেরা) কর্মসূচি মেনে আনুষ্ঠানিক ভাবে ইহুদি ধর্ম গ্রহণ করার পরে ইজ়রায়েল সরকার তাঁদের আর্থিক সহায়তা, হিব্রু ভাষার প্রশিক্ষণ, কর্মসংস্থান বিষয়ক পরামর্শ, অস্থায়ী আবাসন ইত্যাদি সহায়তা দিয়ে থাকে। কিন্তু মণিপুরে সংঘর্ষের পরে তিন বছর ধরে যাত্রা স্থগিত ছিল। ইজ়রায়েল সরকার নতুন করে পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়ার পরে গত কাল মিজ়োরাম ও মণিপুর থেকে আড়াইশো জনের দলটি বিমানবন্দরে পৌঁছয়। তাঁদের নীল-সাদা বেলুনের তোরণ গড়ে, লাল কার্পেট পেতে, গান গেয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে মিলনোৎসব শুরু হয়ে যায়, কারণ ইতিমধ্যে ইজ়রায়েলে থাকা অনেকেই নবাগতদের পড়শি বা আত্মীয়। দীর্ঘদিন পরে পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এই অভিবাসন প্রক্রিয়াকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করে ইজ়রায়েলের অভিবাসন মন্ত্রী ওফির সোফার জানান, ‘অপারেশন উইংস অব ডন’-এর অধীনে ২০৩০ সালের মধ্যেই ভারতে থাকা সব বেনে মেনাশেকে সে দেশে ফেরানো হবে। ২০২৬ সালের মধ্যে প্রায় ১২০০ জনকে ধাপে ধাপে ইজ়রায়েলে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যেই আরও দু’টি উড়ান বেনে মেনাশেদের জন্য নির্ধারিত আছে।
নতুন অভিবাসীদের আপাতত উত্তর ইজরায়েলের নফ হাগালিল শহরের একটি আবাসন কেন্দ্রেরাখা হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে