Hormuz Strait

চারটিতে তেল, ছ’টিতে গ্যাস! হরমুজ়ের পশ্চিমে আটকে আরও ২২ ভারতীয় জাহাজ! নিরাপদে ফেরাতে ইরানের সঙ্গে কথা দিল্লির

হরমুজ়ের পশ্চিম প্রান্তে এখনও ২২টি জাহাজ আটকে রয়েছে। আটকে পড়া এই জাহাজগুলির মধ্যে চারটিতে জ্বালানি তেল রয়েছে। ছ’টিতে রয়েছে এলপিজি এবং একটিতে রয়েছে এলএনজি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২১:৪৫
Share:

হরমুজ় প্রণালীতে জাহাজ। —ফাইল চিত্র।

হরমুজ় প্রণালী দিয়ে নির্বিঘ্নে আরও কিছু জাহাজকে বার করে আনতে চাইছে ভারত। হরমুজ়ের পশ্চিম প্রান্তে, পারস্য উপসাগরে ২২টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে। সেগুলিও যাতে নিরাপদে ভারতে আসতে পারে, তা নিশ্চিত করতে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত।

Advertisement

পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝের সঙ্কীর্ণ প্রণালী হরমুজ় পেরিয়ে ইতিমধ্যে দু’টি জাহাজ রওনা দিয়েছে ভারতের উদ্দেশে। শিবালিক এবং নন্দাদেবী নামে ওই দু’টি জাহাজ বোঝাই করে নিয়ে আসা হচ্ছে এলপিজি। ওই দুই জাহাজের পর এ বার বাকি জাহাজগুলিকেও নির্বিঘ্নে ভারতীয় বন্দরে নিয়ে আসতে চাইছে দিল্লি।

শনিবার বিকেলে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে জানানো হয়, হরমুজ়ের পশ্চিম প্রান্তে এখনও ২২টি জাহাজ আটকে রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেখানে বলেন, “আমাদের বেশ কিছু জাহাজ প্রণালীতে আটকে রয়েছে। দু’টি জাহাজ ইতিমধ্যে ভারতের দিকে রওনা দিয়েছে। এখন সেখানে ২২টি জাহাজ রয়েছে। ওখানে যে সরকার রয়েছে, তাদের সঙ্গে আমরা ধারাবাহিক আলোচনা চালিয়ে যাব। যাতে ওই জাহাজগুলি নিরাপদে পার হতে পারে।”

Advertisement

নয়াদিল্লির যৌথ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশকুমার সিংহও। তিনি জানান, আটকে পড়া এই জাহাজগুলির মধ্যে চারটিতে জ্বালানি তেল রয়েছে। এ ছাড়া ছ’টিতে রয়েছে এলপিজি এবং একটিতে রয়েছে এলএনজি। বাকিগুলির মধ্যে একটিতে রাসায়নিক এবং পাঁচটিতে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসা হয়েছে। পণ্যবাহী জাহাজ বলতে এগুলিই। অন্যগুলির মধ্যে একটি জাহাজ মূলত ড্রেজ়ার হিসাবে কাজ করে। এ ছাড়া একটি জাহাজ খালিই ফিরছে। বাকি তিনটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে।

জ্বালানি ক্ষেত্রে ভারতের নিরাপত্তাকে নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে বলে জানান জয়সওয়াল। এ বিষয়ে ইরান, আমেরিকা, ইজ়রায়েল-সহ পশ্চিম এশিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। উপসাগরীয় দেশগুলির জোট ‘গাল্‌ফ কোঅপারেশন কাউন্সিল’-এর সঙ্গেও আলোচনা চলছে বলে জানান জয়সওয়াল।

হরমুজ় প্রণালীর দুই প্রান্তে এখনও ভারতের অন্তত দু’ডজন পণ্যবোঝাই জাহাজ আটকে রয়েছে। সেগুলি যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছোয়, সে জন্য পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে চার বার ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন মোদীও। তার পরেই ভারতে ইরানের রাষ্ট্রদূত আশ্বাস দেন, হরমুজ় দিয়ে নির্বিঘ্নে চলাচল করবে ভারতের বাণিজ্যিক জাহাজ।

শনিবার বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (উপসাগরীয় অঞ্চল) অসীম মহাজন জানান, পশ্চিম এশিয়ার সংঘর্ষে এখনও পর্যন্ত পাঁচ জন ভারতীয় নিহত হয়েছেন। এক জন নিখোঁজ। পাশাপাশি শনিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এ-ও জানিয়েছে, যে গ্রাহকদের পাইপ্‌ড ন্যাচরাল গ্যাসের সংযোগ রয়েছে, তাঁরা বর্তমানে এলপিজি সিলিন্ডার পাবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement