তাপপ্রবাহ স্পেনে। ছবি: রয়টার্স।
ইউরোপ জুড়ে সাম্প্রতিক তাপপ্রবাহের ভয়াবহ প্রভাব পড়েছে স্পেনে। গত এক মাসে সে দেশে হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। বুধবার স্পেন সরকারের পক্ষ থেকে বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্পেনের স্বাস্থ্য দফতরের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, জুন মাসে অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে মারা গিয়েছেন ১,০২৮ জন। এর আগে এমন মৃত্যুমিছিল দেখা গিয়েছিল শুধু ২০১৭ সালের জুন মাসে।
সরকারি তথ্য জানাচ্ছে, তাপপ্রবাহের কারণে মৃচ ব্যক্তিদের মধ্যে ১,০২২ জনেরই বয়স ৬৫ বছর বা এর বেশি। এঁদের মধ্যে ৭২০ জনের বয়স ছিল ৮৫ বছরের বেশি। ১৫ বছরের কম বয়সী মাত্র এক জনের মৃত্যুর তথ্য মিলেছে স্পেনের স্বাস্থ্য দফতরের বিবৃতিতে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভূমধ্যসাগরীয় ও উত্তরাঞ্চলের এলাকাগুলিতে। দেশটির এই অঞ্চলের বাসিন্দারা দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সঙ্গে অভ্যস্ত নন। এলাকাভেদে সবচেয়ে বেশি মৃত্যু কাতালোনিয়া অঞ্চলে— ২১৮ জন। প্রসঙ্গত, স্পেনে তাপমাত্রাজনিত মৃত্যুর তথ্য সংরক্ষণ করা শুরু করে ২০১৫ সাল থেকে।