শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত চালু হচ্ছে নতুন এসি লোকাল ট্রেন। —ফাইল চিত্র।
শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেল। আগামী সোমবার, ৬ জুলাই থেকে ওই ট্রেন চলবে। প্রতি দিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এসি লোকাল। বারাসত পৌঁছোবে বেলা ১১টা ১৮ মিনিটে। আবার একই ট্রেন বারাসত থেকে ছাড়বে বেলা ১১টা ২৯ মিনিটে। শিয়ালদহ পৌঁছোবে ১২টা ১৩ মিনিটে। এ ছাড়াও বিভিন্ন শাখায় একাধিক গুরুত্বপূর্ণ রুটে নতুন ট্রেন চালু করা হচ্ছে সোমবার থেকে।
রেলের তরফে জানানো হয়েছে, নতুন এসি লোকালটি শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত যথাক্রমে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রামে থামবে। এ ছাড়া, হাসনাবাদের মেট্রো যাত্রীদের কথা মাথায় রেখে বারাসত-হাসনাবাদ ট্রেনের গতিপথ বৃদ্ধি করা হয়েছে। ওই ট্রেন সোমবার থেকে বারাসতের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে, যাতে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মেট্রো যাত্রীরা ট্রেন ধরতে পারেন। বিকেল ৫টা ২৪ মিনিটে ক্যান্টনমেন্ট থেকে ট্রেনটি ছাড়বে, হাসনাবাদ পৌঁছোবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে।
শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক নতুন ট্রেন চালু করা হচ্ছে। শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নতুন ডায়মন্ড হারবার লোকাল ছাড়বে। ডায়মন্ড হারবার পৌঁছোবে রাত ৮টা ১ মিনিটে। ৮টা ২০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে একটি ট্রেন ছাড়বে। তা সোনারপুর পর্যন্ত যাবে (৯টা ১৪ মিনিটে)। শিয়ালদহ-সোনারপুর লোকাল (৩৪৪২০) এ বার থেকে ক্যানিং পর্যন্ত যাবে। শিয়ালদহ থেকে তা ছাড়বে সকাল ৯টা ৫০ মিনিটে। এ ছাড়া, নতুন একটি ক্যানিং-সোনারপুর লোকাল চালু হচ্ছে। ক্যানিং থেকে তা সকাল সাড়ে ১১টায় ছাড়বে।
সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের শিয়ালদহ-বারুইপুর লোকাল ট্রেন এ বার থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে। গন্তব্যে পৌঁছোবে রাত ৯টা ২৭ মিনিটে। বারুইপুর-সোনারপুর লোকালও লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। সোনারপুর পৌঁছোবে রাত ১০টা ৩৮ মিনিটে।
কৃষ্ণনগরের দিকে রাতে ট্রেনের সংখ্যা কম বলে অনেকে অভিযোগ করেন। সে কথা মাথায় রেখে রাত ১০টা ৮ মিনিটের শিয়ালদহ-রানাঘাট লোকালের গতিপথ কৃষ্ণনগর পর্যন্ত বর্ধিত করছে রেল। ট্রেনটি কৃষ্ণনগর পৌঁছোবে রাত ১২টা ২৩ মিনিটে। ফিরতি পথে এই ট্রেন রানাঘাটের পরিবর্তে কৃষ্ণনগর থেকে ছাড়বে ভোর ৫টা ৩৪ মিনিটে। পরীক্ষামূলক ভাবে সপ্তাহে পাঁচ দিন (সোমবার থেকে শুক্রবার) এই পরিষেবা চালু করা হচ্ছে।
রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লোকালটির (৩১৫৮৫) গতিপথ আমঘাটা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া একটি নতুন আমঘাটা-কৃষ্ণনগর লোকাল ট্রেন চালু করা হচ্ছে। যাত্রীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে এবং ব্যস্ত সময়ে ট্রেনগুলিতে যাত্রীর চাপ কমানোর জন্য নতুন পরিষেবাগুলি চালু করা হচ্ছে, জানিয়েছেন রেলের ডিভিশনাল ম্যানেজার রাজীব সাক্সেনা।