Ranbir Kapoor

‘রাত তিনটের সময়ে হাজির হত রণবীর’, কেন শুটিং সেটে মধ্যরাতে পৌঁছে যেতেন অভিনেতা?

রাজকুমার জানান, ২০১৮ সালের ছবি ‘সঞ্জু’-র শুটিংয়ের সময়ে রণবীরকে রাত তিনটেয় সেটে পৌঁছতে হত। কিন্তু কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২২:৫৫
Share:

রণবীর কেন ভোররাতে শুটিং সেটে যেতেন? ছবি: সংগৃহীত।

৮ ঘণ্টার কাজ নিয়ে বলিউডে বিতর্ক চলছে। দীপিকা পাড়ুকোন শর্ত দিয়েছিলেন, তিনি এর বেশি সময় কাজ করবেন না। সেই থেকেই বিতর্কের সূচনা। এর মধ্যেই পরিচালক রাজকুমার হিরানি জানালেন এক অন্য অভিজ্ঞতার কথা। তিনি জানালেন, কী ভাবে রাত তিনটেয় শুটিং সেটে হাজির হতেন রণবীর কপূর।

Advertisement

রাজকুমার জানান, ২০১৮ সালের ছবি ‘সঞ্জু’-র শুটিংয়ের সময়ে রণবীরকে রাত তিনটেয় সেটে পৌঁছোতে হত। পরিচালক বলেন, ‘সঞ্জু’ ছবিতে রণবীরের মেকআপ করতে ৪-৫ ঘণ্টা সময় লেগে যেত। তাই সকাল সাতটার শুটিং থাকলে তাঁকে রাত তিনটের মধ্যেই সেটে পৌঁছে যেতে হত।

বর্তমানে বহু অভিনেতাই নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না। এতে কি ছবির শুটিং বা বাজেটের উপর প্রভাব পড়ে? প্রশ্নের উত্তরে রাজকুমার হিরানি বলেন, “আজকের প্রজন্মের অভিনেতারা শুধু নির্দিষ্ট কয়েক ঘণ্টা কাজ করেন, এমনটা আমি মনে করি না। অন্তত যাঁদের সঙ্গে আমি কাজ করেছি, তাঁরা সবাই বোঝেন যে কাজ শেষ করাটা কতটা জরুরি।” এর পরে রণবীরের কথা বলতে গিয়ে তিনি বলেন, “রণবীরের চরিত্রের লুক তৈরি করতে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগত। তাই সকাল সাতটার শিফট থাকলে ও রাত তিনটেয় চলে আসত। তখন ও একাই বসে থাকত।”

Advertisement

তিনি আরও বলেন, “আমি সকাল ছ’টার দিকে সেটে পৌঁছোতাম। বাইরে একটি ভ্যান দাঁড়িয়ে থাকত আর আলো জ্বলত। ভিতরে রণবীরের মেকআপ চলত। এর পরে আমরা টানা ১২ ঘণ্টা শুটিং করতাম। কিন্তু এত কিছুর পরও ওকে কখনও অভিযোগ করতে দেখিনি। কারও কাছেই নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement