Bangladesh General Election 2026

শেষ পর্যায়ের জনমত সমীক্ষায় জয়ের পথে বিএনপি, পিছিয়ে জামাত-জোট, মঙ্গলে ভোটপ্রচার শেষ বাংলাদেশে

বাংলাদেশে ৩০০ আসনের জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী বৃহস্পতিবার। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৩
Share:

(বাঁ দিকে) তারেক রহমান, শফিকুর রহমান (ডান দিকে)। —ফাইল চিত্র।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসনে জিততে পারে, সে বিষয়ে বুধবার প্রকাশিত হল একটি জনমত সমীক্ষার রিপোর্ট। তার ফল বলছে, এখন ভারতের পড়শি দেশের ভোটারদের সবচেয়ে পছন্দের দল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেকের নেতৃত্বাধীন বিএনপি। তুলনা অনেকটাই পিছিয়ে, ‘মুক্তিযুদ্ধ বিরোধী’ কট্টরপন্থী শক্তি জামায়াতে ইসলামী (জামাত নামেই যা পরিচিত) এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশের তৈরি নতুন দল এনসিপির জোট।

Advertisement

‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি) নামের সমীক্ষা সংস্থা ৪১৫০০ ভোটারের মতামতের ভিত্তিতে প্রকাশ করেছে ওই রিপোর্ট। তাতে বলা হয়েছে, ৩০০ আসনের জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টিতে জয়লাভ করতে পারে। আর জামাত-জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬। এ ছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং নির্দল প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন। সোমবার বিকেলে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি সেমিনার হলে ইএএসডি-র তরফে ওই জনমত সমীক্ষা প্রকাশ করা হয়। তাদের দাবি, এ বারের নির্বাচন নিয়ে যতগুলি জনমত সমীক্ষা হয়েছে, সেগুলির মধ্যে তাদেরটিতেই সবচেয়ে বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে।

ইএএসডি-র সমীক্ষা অনুযায়ী, রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে বাংলাদেশের বেশির ভাগ ভোটারের পছন্দ বিএনপি। ৬৬.৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ১১.৯ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। তাদের সহযোগী এনসিপির প্রতি সমর্থন মাত্র ১.৭ শতাংশ ভোটারের। এ ছাড়া, প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট হুসেন মহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টির জনসমর্থন ৪ শতাংশ আর নির্দল প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনের হার ২.৬ শতাংশ। অন্য একটি জনমত সমীক্ষায় সম্প্রতি জানানো হয়েছে, সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি প্রধান তারেখ রহমানকে বাংলাদেশের ৪৭.৬ শতাংশ মানুষ ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ বলে মনে করছেন। ২২.৫ শতাংশ মানুষ মনে করেন, জামাতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন। প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের পালা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে। চলবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement