Pakistan Attacks Afghanistan

আফগানিস্তানে আবার বিমানহামলা চালাল পাকিস্তান! ১১ শিশু-সহ হত ২৬, প্রত্যাঘাতের হুমকি দিল তালিবান

মঙ্গলবার সকালে আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুসা ডেরায় পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোরের একটি শিবিরে আত্মঘাতী হামলা হয়েছিল। তার পরেই নতুন করে বিমানহানা শুরু করেছে পাক বাহিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৭:২৮
Share:

আফগানিস্তানে পাক বিমানহানা। ছবি: সংগৃহীত।

আবার আফগানিস্তানে বোমাবর্ষণ করল পাকিস্তানি যুদ্ধবিমান। মঙ্গলবার রাত থেকে সীমান্তলাগোয়া একাধিক জনপদে পাক বিমানহানায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে বিবিসি প্রকাশিত খবরে দাবি। পাক তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বুধবার বলেন, ‘‘ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল- খোয়ারিজ়’ (‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি) জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ২৬ জন জঙ্গির মৃত্যুর খবর পেয়েছি আমরা।’’

Advertisement

যদিও পাক বিমানহানায় নিহতদের মধ্যে ১১ জন শিশু-সহ নারী ও সাধারণ নাগরিক রয়েছেন বলে আফিগানিস্তানের তালিবান সরকারের দাবি। মঙ্গলবার সকালে আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুসা ডেরায় পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোরের একটি শিবিরে আত্মঘাতী হামলা হয়েছিল। তার পরেই নতুন করে বিমানহানা শুরু করেছে পাক বাহিনী।

গত অক্টোবর থেকে কাতার, তুরস্ক ও সৌদি আরবে চার দফা শান্তি আলোচনা হলেও পাক-আফগান সম্পর্কে উত্তেজনার আঁচ কমেনি। ফেব্রুয়ারি থেকে দফায় দফায় দু’তরফের সংঘর্ষ হয়েছে। টিটিপি-সহ জঙ্গি গোষ্ঠীগুলি আফগান তালিবানের একাংশের মদতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ। গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নঙ্গরহর এবং পকতিকা প্রদেশের কয়েকটি জায়গায় বোমাবর্ষণ করেছিল পাকিস্তান। সেই হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর থেকে দফায় দফায় ২৬০০ কিলোমিটারের ডুরান্ড লাইনের বিভিন্ন এলাকায় পাক সেনা এবং আফগান বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটছে। আফগান তালিবান জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। এ পর্যন্ত পাক যুদ্ধবিমানের হামলায় ধ্বংস হয়েছে আফগানিস্তানের একাধিক হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement