ইমরান খান। —ফাইল চিত্র।
কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর আইনজীবীদের দেখা করতে দেওয়ার নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট। এর আগে ইসলামাবাদ হাই কোর্টও একই নির্দেশ দিয়েছিল। কিন্তু তা পালন করা হচ্ছে না বলে অভিযোগ ইমরানের আইনজীবী এবং পরিবারের সদস্যদের।
মঙ্গলবার পিটিআই সমর্থক আইনজীবীদের আবেদনের ভিত্তিতে পাক সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আবেদনকারীদের মধ্যে এক আইনজীবী থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ৭৩ বছরের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেবেন। এর পরে এ সংক্রান্ত রিপোর্ট পাক শীর্ষ আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। জেলবন্দি ইমরানের সঙ্গে গত তিন মাস ধরে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে তাঁর দলীয় অনুগামীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি এবং বিচারপতি শহীদ বিলাল হাসানের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ মঙ্গলবার ইমরানের দেখা করার আবেদনের শুনানি করে পিটিআইয়ের আইনজীবী সলমন সফদারকে ‘আদালত বান্ধব’ (অ্যামিকাস কিউরি) হিসাবে নিযুক্ত করেছে।
দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রতিনিধি হিসাবে সলমন আদিয়ালা জেল পরিদর্শন করবেন এবং ইমারানের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্ট মাস থেকে আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান। গত বছরের ২৪ মার্চ ইসলামাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে, সপ্তাহে দু’দিন জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর পরিবারের সদস্যেরা। ইমরানের বোন আলিমার অভিযোগ, হাই কোর্টের ওই নির্দেশের পরেও পরিবারের কাউকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আদিয়ালা জেলের সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জানিয়েছেন ইমরানের বোন। ইসলামাবাদ হাই কোর্টে সেই আবেদন বিবেচনাধীন।