Red Fort Blast Probe

দিল্লি গাড়িবোমা বিস্ফোরণ: চার্জশিটে আরও তিন কাশ্মীরির নাম! তালিকায় আছেন পলাতক শিশুরোগ বিশেষজ্ঞও

লালকেল্লার কাছে গাড়িবোমা বিস্ফোরণের তদন্তে উঠে এল এক শিশুরোগ বিশেষজ্ঞের নাম। আল-কায়েদার শাখা সংগঠন ‘আনসার গাজওয়াত-উল-হিন্দ (এজিইউএইচ) ইন্টেরিম’-এর সঙ্গে জড়িত ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৮:১৩
Share:

গত বছরের নভেম্বরে গাড়িবোমা বিস্ফোরণ হয় দিল্লির লালকেল্লার কাছে। — ফাইল চিত্র।

দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িবোমা বিস্ফোরণের মামলায় অতিরিক্ত চার্জশিট জমা পড়ল আদালতে। তাতে অভিযুক্ত হিসাবে তিন জনের নাম উল্লেখ রয়েছে। তিন জনই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তালিকায় রয়েছেন মুজ়ফ্ফর আহমেদ ওরফে ফারাজ় ওরফে জ়াফর নামে এক শিশুরোগ বিশেষজ্ঞও। তিনিও ফরিদাবাদের আল্‌-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত ছিলেন। বিস্ফোরণের পর থেকে তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।

Advertisement

দিল্লি বিস্ফোরণের তদন্তে আগেই উঠে এসেছে চিকিৎসক-জঙ্গি মডিউলের কথা। ওই জঙ্গি মডিউলের বেশ কয়েক জনে ইতিমধ্যে গ্রেফতারও করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃতদের মধ্যে অনেকেই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তাঁরা আল্‌-ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও কোনও না কোনও ভাবে জড়িত ছিলেন। এ বার সেই তদন্তের সূত্র ধরে আরও তিন জনের নাম পেলেন তদন্তকারীরা।

সম্প্রতি দিল্লির পটিয়ালা হাউজ় আদালতে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে এনআইএ। গাড়িবোমা বিস্ফোরণে তদন্তের অগ্রগতি নিয়ে একটি বিবৃতিও দিয়েছে এনআইএ। সেখানে পলাতক চিকিৎসক মুজফ্‌ফরের প্রসঙ্গেও উল্লেখ রয়েছে। এনআইএ জানিয়েছে, বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত চিকিৎসক আদিল আহমেদের দাদা মুজ়ফ্‌ফর। তাঁর এমবিবিএস এবং এমডি ডিগ্রি রয়েছে। তদন্তে উঠে এসেছে, জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার শাখা সংগঠন ‘আনসার গাজওয়াত-উল-হিন্দ (এজিইউএইচ) ইন্টেরিম’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুজ়ফ্‌ফর। গত বছরের নভেম্বরে লালকেল্লার কাছে বিস্ফোরণের অন্যতম মূল ষড়যন্ত্রকারী ছিলেন তিনি।

Advertisement

নতুন চার্জশিট জমা পড়ার পরে দিল্লি বিস্ফোরণে অভিযুক্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১৩। তালিকায় রয়েছেন মূল অভিযুক্ত চিকিৎসক উমর উন নবিও। বিস্ফোরকবোঝাই গাড়িটি তিনিই চালাচ্ছিলেন এবং গাড়িবোমা বিস্ফোরণে মারা যান। এনআইএ জানাচ্ছে, বিস্ফোরণের ষড়যন্ত্রে মুজ়ফ্‌ফরের সঙ্গে জড়িত ছিলেন উমরও। তাঁদের সঙ্গে ছিলেন অপর অভিযুক্ত আদিল, মুজাম্মিল এবং মুফতিও।

বিবৃতিতে তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০২২ সালের জুনে শ্রীনগরে একটি গোপন বৈঠক হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মুজফ্‌ফর। ওই বৈঠকেই ‘এজিইউএইচ ইন্টেরিম’ গঠিত হয়েছিল এবং ওই জঙ্গিগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন আদিলের দাদা। তদন্তকারীরা জানাচ্ছেন, উমর এবং মুজাম্মিলের সঙ্গে মিলে বিস্ফোরক তৈরির কাজ করছিলেন মুজ়ফ্‌ফর। তাঁরা ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড (বাড়িতে বানানো এক ধরনের বিস্ফোরক) তৈরি করছিলেন বলে তদন্তে উঠে এসেছে। বিস্ফোরণের পর থেকে তিনি পলাতক। তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement