রাজ্যপাল আরএন রবির হাতে তুলে দেওয়া হচ্ছে মালদহের আম। — নিজস্ব চিত্র।
মালদহ থেকে আম এ বার পাড়ি দিল ইটালির মিলানে। কয়েকশো কেজি রফতানি করা হয়েছে আরব আমিরশাহিতেও। ইটালি, আরব আমিরশাহিতে বসেও এ বার সেখানকার লোকজন নিতে পারবেন মালদহের আমের মিষ্টি স্বাদ। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই জেলা প্রশাসনের উদ্যোগে ইটালি, আরব আমিরশাহিতে গেল লক্ষ্মণভোগ, আম্রপালি-সহ আরও কিছু উৎকৃষ্ট প্রজাতির আম। এই পদক্ষেপে সহায়তা করেছে মালদহের আইকার-সিআইএসএইচ (সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিকাল হর্টিকালচার) কৃষি বিজ্ঞান কেন্দ্র।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইংলিশ বাজার থেকে ১,৫০০ কেজি আম্রপালি আরব আমিরশাহিতে পাড়ি দিয়েছে। লক্ষ্মণভোগ-সহ কিছু উৎকৃষ্ট প্রজাতির আম রফতানি করা হচ্ছে মিলান এবং আরব আমিরশাহিতে। মোট ৬ মেট্রিক টন আম রফতানি করা হয়েছে।
কৃষকদের সূত্রে জানা গিয়েছে, বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে এ সব আম চাষ করা হয়েছে। সময় মতো কীটনাশক, সার প্রয়োগ করা হয়েছে। সে কারণে মালদহের এ সব আমের স্বাদ অনেকটাই আলাদা। মালদহের আম ব্যবসায়ীদের সংগঠনের প্রধান উজ্জ্বল সাহা জানান, মালদহের কৃষকেরা নতুন পদ্ধতি মেনে চাষ করেছেন। জিএপি নির্দেশিকা মেনে চাষ হয়েছে। সে কারণে আন্তর্জাতিক বাজারে নতুন দরজা খুলে গিয়েছে। মালদহের জেলাশাসক রাজনবীর সিংহ কাপুর জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে। মনে করা হচ্ছে, এ ভাবে চললে মালদহে আমচাষিরা আরও লাভের মুখ দেখবেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘আমার মালদহ’ প্রকল্পে জেলার আম চাষের সব কর্মসূচি এক ছাদের তলায় আনার চেষ্টা চলছে। তার অধীনেই হয়েছে এই রফতানির উদ্যোগ।