Donald Trump

ট্রাম্পের প্রশাসনকে আমি ভয় পাই না! শান্তির বার্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের খোঁচার জবাব দিলেন পোপ লিও

বিশ্বব্যাপী শান্তি ফেরানোর জন্য গত শনিবারই সকল রাষ্ট্রনেতার উদ্দেশে বার্তা দিয়েছেন পোপ লিও। তার পরেই ট্রাম্প খোঁচা দেন তাঁকে। এ বার সেই খোঁচার জবাব দিলেন পোপও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৮:১৩
Share:

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পোপ লিও (ডান দিকে)। —ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বার সরাসরি জবাব দিলেন পোপ লিও। জানিয়ে দিলেন, তিনি ট্রাম্পের প্রশাসনকে ভয় পান না। যুদ্ধের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন। এবং ইরান যুদ্ধের বিরুদ্ধেও কথা বলবেন।

Advertisement

বিমানসফরের সময়ে পোপ লিও বলেন, “ট্রাম্প প্রশাসনকে নিয়ে আমার কোনও ভয় নেই।” ভ্যাটিক্যান বার বার যে শান্তির পক্ষে সওয়াল করেছে, সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। পোপ লিওর কথায়, “খ্রিস্টান ধর্মের শিক্ষার উপর ভিত্তি করে ওই শান্তির আবেদন করা হয়েছে। কোনও রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য ওই আবেদন করা হয়নি। প্রেসিডেন্ট এখন আমার বার্তাকে তাঁর সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছেন। হয়তো তিনি আমার কথা ঠিক ভাবে বুঝতে পারছেন না।”

আমেরিকা-ইরান যুদ্ধের বিরুদ্ধে আগেও পরোক্ষে মুখ খুলেছেন পোপ লিও। বিশ্বব্যাপী শান্তি ফেরানোর জন্য গত শনিবারই সকল রাষ্ট্রনেতার উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। ইরান যুদ্ধের কথা সেখানে আলাদা ভাবে উল্লেখ করেননি তিনি। বলেছিলেন, যত যুদ্ধ চলছে সব বন্ধ করা হোক। এই পরিস্থিতিকে আন্তর্জাতিক রাজনীতিতে ‘ক্রমবর্ধমান আগ্রাসন’ বলেও মন্তব্য করেন তিনি। এর পর পরই ট্রাম্প খোঁচা দেন পোপ লিও-কে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, পোপ ‘অপরাধদমনে দুর্বল’। তাঁকে ‘বিদেশনীতির জন্য ভয়াবহ’ বলেও কটাক্ষ করেন ট্রাম্প।

Advertisement

এ অবস্থায় সংবাদসংস্থা রয়টার্সকে সোমবার পোপ জানান, যুদ্ধের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাবেন তিনি। ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে পোপ এ-ও বলেন, “আমি তাঁর সঙ্গে কোনও বিতর্কে জড়াতে চাই না। কিছু লোক ধর্মের বাণীর অপব্যবহার করছে। এটা করা উচিত নয়। আমি যুদ্ধের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাব। শান্তি প্রতিষ্ঠা করতে চাইব। সমস্যার মোকাবিলার জন্য বিভিন্ন দেশের মধ্যে আলোচনা এবং বহুপাক্ষিক সম্পর্কের কথা বলব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement