Vladimir Alexeyev

বাড়িতে ঢুকে পর পর গুলি! মস্কোয় আততায়ীর নিশানায় পুতিনের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেয়েভ

পুতিনের ‘আস্থাভাজন’ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ ২০২৩ সালে ভাড়াটে সেনা ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের ‘বিদ্রোহ’ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ইউক্রেনের সঙ্গে শান্তিবৈঠকেও অংশ নিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৫
Share:

লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। ছবি: সংগৃহীত।

পরবর্তী রুশ সেনাপ্রধান হিসাবে তাঁর নাম নিয়ে জল্পনা ছিল। শুক্রবার সকালে মস্কোর সামরিক আবাসন এলাকায় গুলিবিদ্ধ হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘আস্থাভাজন’ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। এই ঘটনায় ইউক্রেনের মদতপুষ্ট ঘাতকবাহিনীর হাত রয়েছে বলে রুশ সরকারি সংবাদ মাধ্যমের একাংশের ইঙ্গিত।

Advertisement

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘তাস’ জানাচ্ছে, উত্তর-পশ্চিম মস্কোর ওই আবাসনে ঢুকে আলেক্সেয়েভকে পর পর গুলি করে আততায়ী। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুতিন-ঘনিষ্ঠ এই লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ ২০২৩ সালে ইয়েভগেনি প্রিগোঝিনের ভাড়াটে সেনা ওয়াগনারের ‘বিদ্রোহ’ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। প্রাথমিক ভাবে প্রিগোঝিনের সঙ্গে আলোচনা করতে আলেক্সেয়েভকেই পাঠিয়েছিলেন পুতিন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন পুতিন। তার পর থেকে টানা দু’বছর সামনের সারিতে থেকে রুশ সেনাকে পরিচালনা করেছেন আলেক্সেয়েভ। তাঁর নেতৃত্বেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিয়ুপোল দখল করেছিল রুশ সেনা। গত বছর ইউক্রেনের সঙ্গে শান্তি বৈঠকেও রুশ প্রতিনিধিদলের সদস্য ছিলেন এই সেনাকর্তা। প্রসঙ্গত, গত চার বছরের সংঘাত পর্বে ইউক্রেন বেশ কয়েক বার রাশিয়ার সেনাকর্তাদের উপর হামলা চালানোর দাবি করেছে। এ বার কিভের তরফে এখনও কোনও বিবৃতি মেলেনি।

Advertisement

২০২৪ সালে মস্কোর একটি আবাসিক ভবনের বাইরে ইগর কিরিলভ নামের এক রুশ জেনারেলকে হত্যার দায়ে গত জানুয়ারিতে উজবেকিস্তানের এক নাগরিককে গ্রেফতার করা হয়। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর দাবি, তারাই ওই হামলা চালিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে মস্কোয় গাড়ির নীচে রাখা আইইডি বিস্ফোরণে রুশ সেনার প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছিলেন। জানুয়ারির শেষ পর্বে রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, সেন্ট পিটার্সবার্গে এক জন রুশ সেনা আধিকারিকের উপর হামলা চালানোর চেষ্টা প্রতিহত করেছে তারা। ঘটনাচক্রে, আবুধাবিতে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি বৈঠকের মধ্যেই আবার নিশানা হলেন এক রুশ সেনাকর্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement