খাবারের জন্য হাহাকার আফগানিস্তানে। ছবি: রয়টার্স।
চরম দারিদ্র এবং অনাহারের কারণে আফগানিস্তানে শিশুসন্তানদের বিক্রি করে দিচ্ছেন বাবা-মায়েরা! ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
তালিবানশাসিত আফগানিস্তান দীর্ঘ দিন ধরেই অর্থনৈতিক সঙ্কটে ভুগছে। পরিস্থিতি এমনই যে, কাজের জন্য নানা দরজায় কড়়া নেড়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে পরিবারের পুরুষ সদস্যদের। সবচেয়ে খারাপ পরিস্থিতি আফগানিস্তানের ঘোর প্রদেশে। সেখানে সামান্য রুটির জন্য হাহাকার পড়ে গিয়েছে।
বিবিসি-র ওই প্রতিবেদনে ঘোর প্রদেশের বাসিন্দা জুমা খান নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, শেষ ছ’সপ্তাহে মাত্র তিন দিন কাজ পেয়েছেন। সেই কাজ করে মাত্র ১৫০-২০০ আফগানি (ভারতীয় মুদ্রায় ২৫০-২৮০ টাকা) উপার্জন করেছেন তিনি।
ঘোর প্রদেশের আর এক ব্যক্তি জানিয়েছেন, তাঁর সন্তানেরা টানা তিন দিন কার্যত অভুক্ত অবস্থায় রয়েছেন। গম কেনার জন্য প্রতিবেশীদের কাছে অল্প কিছু টাকা ধার চাইছেন অনেকে।
এই পরিস্থিতিতে অনেক পরিবার সন্তানদের তুলনায় অর্থনৈতিক ভাবে সম্পন্ন কোনও ব্যক্তির কাছে বিক্রি করে দিচ্ছেন। আব্দুল রশিদ আজ়িমি নামের এক ব্যক্তি নিজের দুই কন্যাসন্তানকে বিক্রি করে কান্নায় ভেঙে পড়েন। বলেন, “আমার সন্তানেরা বলছিল, বাবা কিছু রুটি দাও। কিন্তু আমার কাছে থাকলে তো দেব। মাথায় ঋণের বোঝা। তাই হৃদয় ভেঙে চুরমার হয়ে গেলেও দুই সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হলাম। তাতে আমার অন্য সন্তানেরা কিছু খেতে পারবে।”