জয়ী বহু ভারতীয়, জিত টিউলিপেরও

একই রকম গল্প লেবার পার্টির আর এক শিখ প্রার্থী তনমনজিৎ সিংহ ধেসি ওরফে তনেরও। যে এলাকায় বড় হয়েছেন, সেই স্লৌ আসন থেকেই ভোটে জিতেছেন তিনি। এই এলাকাতেই শিখদের বাস। ভোটে জিতে তনমনজিৎ বলছেন, ‘‘আমিই প্রথম পাগড়ি পরা শিখ এমপি। আর এর জন্য আমি গর্বিত।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ০৩:১৫
Share:

জয়ী: লেবার পার্টির সদর দফতরে জেরেমি করবিন। লন্ডনে। ছবি: রয়টার্স।

ব্রিটেনে ভোটের ফল যা-ই হোক না কেন, তাতে জয়জয়কার শুধু ভারতীয় বংশোদ্ভূতদেরই!

Advertisement

ভোটে জিতে হাউস অব কমন্সে জায়গা করে নিলেন লেবার পার্টির প্রীত কউর গিল ও তনমনজিৎ সিংহ ধেসি। এ বারের ভোটে ফের জিতে নিজের আসন ধরে রাখলেন লেবার পার্টির প্রার্থী বঙ্গ সন্তান লিসা নন্দীও। হেরে গেলেও কনজারভেটিভদের শক্ত ঘাঁটি ইস্ট হ্যাম্পশায়ারে লেবার ভোট সাত শতাংশ বাড়িয়েছেন কলকাতার ছেলে রোহীত দাশগুপ্ত।

২০১৫ সালে ভোটে জেতার পরে ব্রিটিশ পার্লামেন্টে জায়গা করে নিয়েছিলেন ১০ জন এমপি। এ বার প্রীত ও তনমনজিতের জয়ের পরে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১২।

Advertisement

প্রীতই প্রথম শিখ মহিলা যিনি এমপি নির্বাচিত হলেন। বার্মিংহাম এজবাস্টনের আসন থেকে ২৪১২৪টি ভোটে জয়লাভ করেছেন তিনি। কানজারভেটিভ পার্টির প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন ৬৯১৭ ভোটে। ভোটে জিতে যারপরনাই উচ্ছ্বসিত প্রীত বললেন, ‘‘জন্ম এবং বেড়ে ওঠা এই এজবাস্টনেই। ফলে এই জায়গাটার হয়ে ভোটে লড়ার যে সুযোগ আমি পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। এখানকার মানুষের মধ্যে মিশে গিয়ে কাজ করতে চাই।’’

একই রকম গল্প লেবার পার্টির আর এক শিখ প্রার্থী তনমনজিৎ সিংহ ধেসি ওরফে তনেরও। যে এলাকায় বড় হয়েছেন, সেই স্লৌ আসন থেকেই ভোটে জিতেছেন তিনি। এই এলাকাতেই শিখদের বাস। ভোটে জিতে তনমনজিৎ বলছেন, ‘‘আমিই প্রথম পাগড়ি পরা শিখ এমপি। আর এর জন্য আমি গর্বিত।’’

Advertisement

লেবার পার্টির শিখ প্রার্থীদের জয়ের রমরমা দেখে ব্রিটেন শিখ ফেডারেশন ধন্যবাদ জানিয়েছে লেবার পার্টিকে। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘‘যে আসনগুলিতে জয়ের আশা ছিলই, সেগুলো থেকে শিখ প্রার্থীদের দাঁড় করানোর কৃতিত্ব লেবার পার্টির।’’ সেই সঙ্গে ওই ফেডারেশনের পরামর্শ, এ বার হাউস অব লর্ডসে শিখ প্রার্থীদের সুযোগ করে দিক লেবার পার্টি। কারণ তাঁরা তাঁদের নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে কাজ করতে পারবেন।

কনজারভেটিভ পার্টির যে ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরা নিজেদের আগের আসনগুলি ধরে রেখেছেন, তাঁদের মধ্যে রয়েছেন মে সরকারের এশিয়া সংক্রান্ত মন্ত্রী অলোক শর্মা। আন্তর্জাতিক উন্নয়ন সচিব প্রীতি পটেল ও ইনফোসিস কর্ণধার নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক পেয়েছেন উইদ্যাম এবং রিচমন্ড ইয়র্কশায়ার আসন। কেমব্রিজশায়ারের ওয়েস্ট সিটটি ধরে রেখেছেন শৈলেশ ভারাও। ফারহেমে ফের জয়ী হয়েছেন গোয়ার সুয়েল্লা ফার্নান্ডেজ।

নিজেদের আসন ধরে রাখতে পেরেছেন লেবার পার্টির বহু প্রার্থীও। তাঁদের মধ্যে অন্যতম কিথ ভাজ। গত বছর যৌন কেলেঙ্কারি বিতর্কে নাম উঠে আসা সত্ত্বেও এ বারও জয়ী হয়েছেন তিনি। ১৯৮৭ থেকে পূর্ব লেস্টারে জিতে আসছেন কিথ। দক্ষিণ ওয়ালস্যাল আসন জিতেছেন কিথের বোন ভ্যালেরি ভাজও। ইলিং সাউথ হল আসনের প্রার্থী বীরেন্দ্র শর্মাও জিতেছেন। খুবই কম ভোটে হেরে গিয়েছেন লেবার পার্টির হয়ে প্রথম বার লড়াই করা নীরজ পাটিলও। টেলফোর্ডে খুবই কম ভোটে হেরেছেন আর এক শিখ কুলদীপ সাহোটা।

পিছিয়ে নেই বাংলাদেশও। ফের জিতলেন মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী হাসিনার বোনঝি লেবার পার্টির টিউলিপ রিজওয়ানা সিদ্দিকি। টিউলিপ ছাড়াও এই ভোটে নিজেদের আসন ধরে রাখলেন আরও দুই কন্যে, রুশনারা আলি এবং রূপা হক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement