Pakistan-Afghanistan Clash

পাক-তালিবান সংঘর্ষ গড়াল ষষ্ঠ দিনে, ইসলামাবাদের হামলায় ৪২ জন আফগান নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল রাষ্ট্রপুঞ্জ

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বিবাদ নতুন নয়। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে জঙ্গিরা পাকিস্তানে নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড সংগঠিত করছে। তবে সেই দাবি অস্বীকার করে তালিবান সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৮:৪৭
Share:

আফগানিস্তানে পাক হামলা। ছবি: রয়টার্স।

আফগানিস্তান এবং পাকিস্তান সংঘাত অব্যাহত। গোলাগুলির লড়াই চলছে দু’পক্ষের মধ্যে। মঙ্গলবার এই সংঘাত ছ’দিনে পড়ল। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, নতুন করে দুই দেশের শুরু হওয়া সংঘর্ষে শুধু সেনাকর্মী নন, নিহত হয়েছেন সাধারণ নাগরিকও। এখনও পর্যন্ত ৪২ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানাল রাষ্ট্রপুঞ্জ।

Advertisement

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বিবাদ নতুন নয়। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে জঙ্গিরা পাকিস্তানে নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড সংগঠিত করছে। আফগানিস্তানে থাকা জঙ্গিঘাঁটি ধ্বংসের ‘যুদ্ধ’ শুরু করেছে পাকিস্তান। অভিযানের পোশাকি নাম ‘গজ়ব লিল-হক’। গত বৃহস্পতিবার থেকে দু’দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। রাজধানী কাবুল-সহ আফাগনিস্তানের বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে বলে পাকিস্তানের তরফে দাবি করা হয়। সংঘর্ষ শুরুর সময় ইসলামাবাদ দাবি করেছিল, তারা আফগানিস্তানে থাকা জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে!

যদিও তালিবান সরকারের দাবি, পাক সেনা জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে। তার জেরে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রী আতাউল্লা তারার জানান, কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম বিমানঘাঁটিতে সফল বিমান হামলা চালিয়েছে পাকবাহিনী। সংবাদসংস্থা রয়টার্স-কে আতাউল্লা বলেন, ‘‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য সীমান্তে সন্ত্রাসীরা গোলাবারুদ মজুত করছে।’’ সেই খবরের ভিত্তিতেই হামলা চালানো হয়েছে বলে দাবি পাকমন্ত্রীর।

Advertisement

মঙ্গলবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তালিবান বাহিনী কান্দাহার অঞ্চলে একটি পাকিস্তানি পোস্ট দখল করেছে। পাকিস্তানের পাল্টা দাবি, তারা জালালাবাদে একটি অস্ত্রভান্ডার এবং নাঙ্গারহার প্রদেশের একটি সামরিকঘাঁটি ধ্বংস করেছে। তবে কোনও পক্ষই তাদের দাবি সপক্ষে কোনও প্রমাণ দাখিল করেনি।

প্রসঙ্গত, পাকিস্তান বরাবরই অভিযোগ তুলে আসছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীকে মদত দিচ্ছে আফগানিস্তান। এ-ও দাবি করেন, পাকিস্তানে নানা হামলার নেপথ্যে রয়েছে টিটিপি। তা-ই টিটিপি-কে মদত না জোগাতে বার বার সতর্ক করা হয়েছে আফগানিস্তানকে। তবে পাকিস্তানের অভিযোগ, তার পরেও সতর্ক হয়নি তালিবান সরকার। সেই কারণে আফগানিস্তানের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধে নেমেছে পাকিস্তান। আর তাতে শুধু সেনাঘাঁটি বা সেনাকর্মী নয়, সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। সেই হিসাব দিল রাষ্ট্রপুঞ্জ। যদিও পাকিস্তানের দাবি, জঙ্গিরা সাধারণ মানুষ হিসাবে গ্রামে গ্রামে আস্তানা গেড়েছিল। তাদেরই খতম করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement