আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
ইরানকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, সমঝোতায় অনেক সময় নিয়ে ফেলেছে তারা। এর মূল্য চোকাতে হবে তেহরানকে। অন্য দিকে, তেহরানের তরফেও পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে। তারা আমেরিকা নিয়ে সুর কিছুটা নরম করেছে। তবে তাতে লাভ হবে কি না, স্পষ্ট নয়।
ট্রাম্প বুধবার সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ বিশৃঙ্খল। ওদের বায়ুসেনা এবং নৌসেনার মতো সামরিক বাহিনীর অধিকাংশেরই আর অস্তিত্ব নেই। ওরা সম্পূর্ণ পরাজিত হয়েছে। ইরান শুধু মুখেই কথা বলে, কাজ করে না। পশ্চিম এশিয়ার ত্রাস এখন ধ্বংসপ্রাপ্ত। ওরা চুক্তির জন্য সমঝোতা করতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছে। চুক্তি করলে তা ওদের জন্য খুব ভাল হত। কিন্তু এখন ওদের মূল্য চোকাতে হবে।’’
গত কয়েক দিনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। হরমুজ় প্রণালীর কাছে মার্কিন সেনার হেলিকপ্টার ভেঙে পড়ার পর ইরানকে তার জন্য দায়ী করেছিলেন ট্রাম্প। তার প্রেক্ষিতেই হরমুজ় সংলগ্ন ইরানের ঘাঁটিগুলিকে নিশানা করে হামলা চালিয়েছিল আমেরিকা। তার জবাবে পশ্চিম এশিয়ার বাহরিন, কুয়েতের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এই হামলা-পাল্টা হামলার মধ্যেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
অন্য দিকে, মার্কিন আগ্রাসনের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে তেহরান। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই কিছুটা সুর নরম করেছেন। জানিয়েছেন, আমেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের পুনর্মূল্যায়ন প্রয়োজন। তবে যে কোনও সমঝোতার জন্যেই স্থিতিশীল পরিস্থিতি দরকার হয়। পশ্চিম এশিয়ায় স্থিতিশীল পরিস্থিতি চেয়েছেন বাঘেই। তাঁর কথায়, ‘‘সংঘর্ষবিরতি বার বার লঙ্ঘিত হলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাত থেকে যা হয়েছে, আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে। যে কোনও কূটনৈতিক প্রক্রিয়ার জন্যেই ন্যূনতম স্থিতিশীল পরিবেশ প্রয়োজন।’’ বার বার পরস্পরবিরোধী মন্তব্য করে কূটনীতিকে খাটো করেছে আমেরিকা, দাবি বাঘেইয়ের। লেবাননে আগ্রাসনের মাধ্যমে ইজ়রায়েলও এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে বলে মনে করেন তিনি।
কিছু দিন আগে ইজ়রায়েলের সঙ্গেও নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছিল ইরান। লেবাননে হামলার প্রতিবাদে ইজ়রায়েলের একাধিক ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। জেরুসালেম, তেল আভিভে সাইরেন বেজে উঠেছিল। যদিও ইজ়রায়েলের সামরিক বাহিনী দাবি করে, আকাশেই প্রতিহত করা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। এর পর ইরানে পাল্টা বোমাবর্ষণ করে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। তেহরানে শোনা যায় বিস্ফোরণের শব্দ। ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে সমঝোতার চুক্তি শেষ পর্যায়ে। তাই ইজ়রায়েল যাতে তাদের বিরুদ্ধে পাল্টা কোনও পদক্ষেপ না-করে, নেতানিয়াহুকে তার জন্য অনুরোধ করবেন তিনি। যদিও তাতে লাভ হয়নি।
ইজ়রায়েলের সাধারণ নির্বাচনে ফের লড়তে চলেছেন নেতানিয়াহু। বুধবার তাঁর দলের তরফে সে কথা ঘোষণা করা হয়েছে। ইরানের সঙ্গে সংঘাতের আবহে অনেকে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জল্পনা দানা বেঁধেছিল। বুধবার লিকুদ পার্টি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু ফের নির্বাচন চাইবেন এবং তাঁর পুনরায় জয়ের বিষয়ে দল আশাবাদী। এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। হিসাব মতো আগামী অক্টোবরে ওই ভোট হওয়ার কথা।