মার্কিন বাহিনীর হামলা। ছবি: সংগৃহীত।
হরমুজ় প্রণালী খোলার চেষ্টা করেছিল মার্কিন বাহিনী। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরান। পাল্টা মার্কিন বাহিনীর হামলায় ইরানের ছ’টি ‘গানার বোট’, ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। সোমবার থেকে নতুন অভিযান শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অভিযানের নাম দিয়েছেন ‘প্রজেক্ট ফ্রিডম’।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের হাত থেকে হরমুজ় দখলমুক্ত করার জন্য আবার নতুন ভাবে চেষ্টা চালাচ্ছে আমেরিকা। আর তা করতে যেতেই তেহরানের পাল্টা হামলার মুখে পড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই অভিযান সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি। যদিও দু’দেশের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি এখনও চলছে। কিন্তু তার মধ্যেই নতুন করে আবার সামরিক উত্তেজনা ছড়াল।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধানের দাবি, ট্রাম্পের অভিযানে ইরান ‘নাক গলানোর’ চেষ্টা করছে। তিনি বলেন, ‘‘ইরান বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ছাড়াও ড্রোন এবং গানার বোট নিয়েও হামলা করেছে তারা। আমরা প্রতিটি হামলার জবাব দিয়েছি।’’ এর পরই ইরানকে হুঁশিয়ারি দেওয়া হয়, অহেতুক সামরিক উত্তেজনা ছড়ানোর যেন চেষ্টা না করে তারা। বাহিনীর উপর হামলা হলে, পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে।
আমেরিকা সোমবারই দাবি করে তারা হরমুজ় খুলে দিতে পেরেছে। যদিও ইরান সেই দাবি খণ্ডন করেছে। পাল্টা তারা দাবি করেছে, আমেরিকার এই দাবি সম্পূর্ণ মিথ্যা। শুধু তা-ই নয়, মার্কিন বাহিনীর হামলায় নৌকা ধ্বংসের তথ্যও মিথ্যা বলে দাবি করেছে তেহরান।