ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। ছবি: রয়টার্স।
তিনি যেখানেই থাকুন না কেন, খুঁজে বার করে মারা হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের মস্কো যাত্রার জল্পনার মধ্যেই তাঁকে ফের হত্যার হুমকি দিল ইজ়রায়েল। সে দেশের বাহিনী ইজ়রায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমরা ওঁকে (মোজতবা) খুঁজে বার করবই।’’
দ্য টাইমস অফ ইজ়রায়েল-এর প্রতিবদেন অনুযায়ী, আইডিএফ মুখপাত্র বলেছেন, ‘‘ওঁর (মোজতবা) কোনও খোঁজ নেই। দেখাও যাচ্ছে না। জানি না কী হয়েছে।’’ তার পরই হুঁশিয়ারি দেন, ‘‘কত দিন আত্মগোপন করে থাকবেন? ওঁকে খুঁজে বার করব, তার পর হত্যা করব।’’ প্রসঙ্গত, সোমবার কুয়েতি সংবাদ সংস্থা আল-জারিদার এক প্রতিবেদনে দাবি করা হয়, মোজতবার চিকিৎসার জন্য তাঁকে মস্কোতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে মস্কোয় মোজতবার চিকিৎসার আয়োজন করেছেন। যদিও রাশিয়ার তরফে এই তথ্য নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। রুশ সরকারি সংবাদসংস্থা তাস-কে প্রেসিডেন্টের প্রেস সচিব দিমি্র পেসকভ বলেন, ‘‘এই ধরনের রিপোর্ট নিয়ে আমরা কোনও মন্তব্য করব না।’’ মোজতবার মস্কো যাত্রার জল্পনার মাঝেই তাঁকে আবার হত্যার হুমকি দিল ইজ়রায়েল।
আইডিএফ মুখপাত্র ডেফরিন জানিয়েছেন, ইরানের প্রতি ইজ়রায়েলের দৃষ্টিভঙ্গির কোনও বদল হবে না। তাঁর কথায়, ‘‘ইজ়রায়েলের সার্বভৌমত্বকে যারা বিপন্ন করে তোলার চেষ্টা করবে, তাদের ভাগ্য আমরা লিখব। যারাই আমাদের বিরুদ্ধে হাত তোলার চেষ্টা করবে, তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’’ পাশাপাশি আইডিএফ মুখপাত্র এই ইঙ্গিতও দেন যে, তাঁদের অভিযান শুধু ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সীমিত থাকবে না। ইরানকে যারা সহযোগিতা করবে, সেই সব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধেও সমান ভাবে অভিযান জারি থাকবে। তাঁর কথায়, ‘‘আমরা প্রত্যেককে খুঁজে বার করব। তা যত সময় লাগুক না কেন।’’
প্রসঙ্গত, ইজ়রায়েল এবং আমেরিকার হামলায় মোজতবা আহত হয়েছেন বলে নানা সূত্রে দাবি করা হচ্ছে। আবার এই তথ্যও ঘোরাফেরা করছে, মোজতবা আদৌ বেঁচে আছেন তো? গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি মোজতবাকে। আর তা থেকেই জল্পনা জোরালো হতে শুরু করেছে। যদিও ইরান বার বার দাবি করেছে, মোজতবা জীবিত এবং সুস্থ আছেন।