PG Admission 2026

কৃত্রিম মেধায় দক্ষতা বৃদ্ধির সুযোগ, স্নাতকোত্তর কোর্সের ক্লাস হবে অনলাইনে, কী ভাবে আবেদন করবেন?

সপ্তাহান্তে অনলাইন মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ ক্ষেত্রে যাঁরা চাকরি করছেন, তাঁরা ক্লাসে যোগদান করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১২:০৯

ছবি: এআই সহায়তায় প্রণীত।

কৃত্রিম মেধায় দক্ষতা থাকলে চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ মিলতে পারে। ওই বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ অনলাইনেই পেতে পারেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), সিকিম-এর তরফে অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টাজিলেন্স বিষয়টি স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে।

Advertisement

কোন বিষয়ে ডিগ্রি অর্জনের সুযোগ?

অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টাজিলেন্স নিয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) কোর্সে ভর্তি হওয়া যাবে। এই বিষয়টির মাধ্যমে ডেটা স্ট্রাকচার, মেশিন লার্নিং, জেনারেটিভ মডেল, ক্লাউড ডেপ্লয়মেন্ট-এর মতো কাজে কৃত্রিম মেধার প্রয়োগ কৌশল শেখানো হবে। উল্লিখিত বিষয়টির ক্লাস প্রতি শনিবার এবং রবিবার করার সুযোগ থাকছে।

কত দিন ক্লাস করতে হবে?

মোট দু’বছরের ডিগ্রি কোর্সে চারটি সেমেস্টার নেওয়া হবে। প্রতি সপ্তাহান্তে ক্লাস করাবেন এনআইটি সিকিম-এর ফ্যাকাল্টি সদস্য এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা। তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারে প্রজেক্ট ওয়ার্ক এবং ডিজ়ারটেশন জমা দিতে হবে।

ভর্তি হতে পারবেন কারা?

ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান কিংবা বাণিজ্য শাখার যে কোনও বিষয়ে ৫৫ শতাংশের বেশি নম্বর পেয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ভর্তির আবেদন করতে পারবেন। কর্মরতদের ক্ষেত্রে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এ ক্ষেত্রে প্রার্থীদের স্নাতকে কিংবা দ্বাদশে গণিত বিষয়টি থাকা প্রয়োজন। তবে, যাঁদের ওই বিষয়টি নেই, তাঁদের আলাদা করে কৃত্রিম মেধা শেখার জন্য যে ধরনের গণিত জানা প্রয়োজন, তা শিখে নেওয়ার সুযোগ দেওয়া হবে। ভর্তি হওয়ার জন্য আবেদনকারীদের লিখিত পরীক্ষায় পাশ করা প্রয়োজন।

কী ভাবে আবেদন করবেন?

অনলাইনে এনআইটি সিকিম-এর ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১০ হাজার টাকা। ভর্তি হওয়ার পর ওই টাকাটি অ্যাডমিশন ফি-এর সঙ্গে যুক্ত করে নেওয়া হবে। অ্যাডমিশন ফি ২,০০,০০০ টাকা। আবেদনের শেষ দিন ২৫ এপ্রিল।

Advertisement
আরও পড়ুন