Ram navami at Jadavpur University

রামনবমীতে সাঁওতাল সম্প্রদায়ের অবমাননা! কর্তৃপক্ষের কাছে অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের

এনএসএফ-এর পক্ষ থেকে অবশ্য তাদের নিজস্ব ফেসবুক পেজে এই ঘটনার প্রেক্ষিতে একটি পোস্ট করে ক্ষমা চাওয়া হয়েছে। দাবি করা হয়েছে এটি অনিচ্ছাকৃত ভুল। হয়তো কেউ ভুল করেই এ কাজ করে ফেলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২১:১২
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাঁওতাল সম্প্রদায়ের অবমাননার অভিযোগ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাঁওতাল সম্প্রদায়ের অবমাননার অভিযোগ। ছবি: সংগৃহীত।

রামের পুজো করতে গিয়ে হানি হয়েছে আদিবাসী সংস্কৃতির সম্মান , এমনই অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার সন্ধ্যায় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি সান্তাল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাশশিয়েশন (জেইউএসএসডব্লিউসিএ)।

Advertisement

সংগঠনের সভাপতি দীপক মারান্ডি জানান, এবিভিপি এবং এনএসএফ-এর তরফে পুজোর আয়োজন করা হয়। তার পরই দেখা যায়, অলচিকি হরফে লেখা একটি কবিতাকে বিকৃত করা হয়েছে।

সূত্রের খবর, ২০২৫-এ অলচিকি লিপির ১০০ বছর বর্ষপূর্তি উপলক্ষে ক্যাম্পাসের ভিতরে টেকনোলজি ভবনের দেওয়ালে সাঁওতালি ভাষায় লেখা পণ্ডিত রঘুনাথ মুর্মুর একটি কবিতার কিছু অংশ লেখা হয়। অভিযোগ, গত বৃহস্পতিবার রামনবমীর দিনে এনএসএফ-এর সদস্যেরা ওই লেখার উপরে অন্য রঙ দিয়ে কিছু আঁকিবুকি করেন। কিছু অনভিপ্রেত ছবি এবং অপমান জনক কিছু শব্দ লেখা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সাঁওতাল সম্প্রদায়ের অসম্মান করা হয়েছে বলে অভিযোগ। দ্রুত এই বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে রেজিস্ট্রারকে অভিযোগপত্র দেওয়া হয়েছে জেইউএসএসডব্লিউসিএ-এর তরফে।

দীপক বলেন, “কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করতে হবে এবং এই কাজের জন্য প্রকাশ্যে যেন তাঁরা ক্ষমা চায়। পাশাপাশি এটাও সুনিশ্চিত করতে হবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন এই ঘটনা না ঘটে।”

এনএসএফ-এর পক্ষ থেকে অবশ্য তাদের নিজস্ব ফেসবুক পেজে এই ঘটনার প্রেক্ষিতে একটি পোস্ট করে ক্ষমা চাওয়া হয়েছে। দাবি করা হয়েছে এটি অনিচ্ছাকৃত ভুল। হয়তো কেউ ভুল করেই এ কাজ করে ফেলেছেন। তারা যে সাঁওতাল সম্প্রদায়কে সম্মান করে সে কথাও জানিয়েছে এনএসএফ।

Advertisement
আরও পড়ুন