West Bengal Elections 2026

৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে নিষ্পত্তি হল ৪৬ লক্ষের! ষষ্ঠ অতিরিক্ত তালিকা প্রকাশ করে জানাল কমিশন

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। সেই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। ২৩ মার্চ থেকে ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে অতিরিক্ত তালিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২১:০৯
Out of 60 lakh, 46 lakh logical discrepancy data disposed by Election Commission in SIR of West Bengal

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ‘অ্যাডজুডিকেশন’ (বিবেচনাধীন) তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে এ পর্যন্ত ৪৬ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হয়েছে। মঙ্গলবার এ কথা জানাল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর এসআইআর সংক্রান্ত সপ্তম তালিকা (ষষ্ঠ অতিরিক্ত তালিকা) প্রকাশ করেছে। তাতে দু’লক্ষ নামের নতুন করে নিষ্পত্তি হয়েছে।

Advertisement

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে আর ১৪ লক্ষের মতো ভোটারের নাম এখনও বিবেচনাধীন রয়েছে। কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগে সেগুলি নিষ্পত্তি হয়ে যাবে। রাজ্য প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। অবশ্য, ‘বিবেচনাধীন’ ভোটারদের মধ্যে কত জনের নাম বাদ পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। সেই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করার কথা জানিয়েছে কমিশন। সেই অনুযায়ী গত ২৩ মার্চ রাত থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে।

কমিশন সূত্রে খবর, বিচারকেরা যা তথ্য দিচ্ছেন, তা ‘প্রসেস’ করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগছে। তার পরেই তা প্রকাশ করা হচ্ছে। প্রসঙ্গত, ‘বিবেচনাধীন’ ভোটার নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা অব্যাহত। প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের পরে গত বুধবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কমিশনকে নিশানা করেছিলেন। সেই সঙ্গে, মধ্যরাতে কমিশনের ওয়েবসাইটে সমস্ত ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানো নিয়ে খোঁচা দেন। তিনি বলেন, ‘‘এরা পারে না, এমন কাজ নেই।’’ বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যের ভোটার তালিকায় নাম বাদ পড়া বা ‘বিবেচনাধীন’ থাকা নিয়ে বিক্ষোভ-অবরোধও চলছে।

Advertisement
আরও পড়ুন