(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। কমিশনকে দেওয়া তৃণমূলের অভিযোগপত্র (মাঝে)। —ফাইল চিত্র।
‘দলের নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর হোয়াট্সঅ্যাপ-নির্দেশের’ বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল। দলের তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন । রাজ্যের শাসকদলের অভিযোগ, হোয়াট্সঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের বাকি নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেও নাকি তল্লাশি চালানোর কথা বলা হয়েছে।
মঙ্গলবার নির্দেশ সংবলিত হোয়াট্সঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূল। তাদের অভিযোগ, কমিশনের সন্দেহ, অভিষেকের স্ত্রীর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। সেই কারণেই অভিষেক, তাঁর স্ত্রী-সহ তৃণমূলের সকলের গাড়িতে কমিশন পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাতে বলেছে বলে দাবি তৃণমূলের। তৃণমূল তাদের চিঠিতে কমিশনের কাছে মূলত তিনটি আর্জি জানিয়েছে। ১) এই নির্দেশের নেপথ্যে যাঁরা রয়েছেন, অভ্যন্তরীণ তদন্ত করে তাঁদের চিহ্নিত করা। ২) ওই হোয়াট্সঅ্যাপ-নির্দেশের প্রেক্ষিতে তৃণমূল নেতাদের যাতে হেনস্থা না-করা হয়, তা সুনিশ্চিত করা এবং ৩) নির্দেশ পাঠানোয় অভিযুক্ত আধিকারিকদের নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরানো।
কী রয়েছে ওই চ্যাটের স্ক্রিনশটে? কমিশন নাকি জানিয়েছে, অভিষেকের স্ত্রী টাকা পাচারের সঙ্গে যুক্ত! তৃণমূলের অভিযোগ, টাকা পাচারের দাবি করে কমিশন নির্দেশ দিয়েছে গোটা দিন তৃণমূলের সব নেতামন্ত্রী, যাঁরা সুরক্ষা-নিরাপত্তা পান, চেকিং পয়েন্টে তাঁদের গাড়ি তল্লাশি করতে হবে। ওই নির্দেশে অভিষেক এবং তাঁর স্ত্রীর নাম আলাদা করে উল্লেখ রয়েছে বলে দাবি তৃণমূলের। কমিশন জানিয়েছে, পর্যবেক্ষকদের সাহায্য করতে হবে পুলিশ এবং সিএপিএফ-কে। আর এই ধরনের ‘সারপ্রাইজ়’ তল্লাশির উপর কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হবে।
দু’টি স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে কমিশন দলীয় নেতাদের নিশানা করছে। শুধু নেতামন্ত্রী নন, তাঁদের পরিবারের সদস্যদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। কমিশনের নিশানায় অভিষেক এবং তাঁর স্ত্রীও রয়েছেন। পাশাপাশি, তৃণমূলের প্রচার সংক্রান্ত যাবতীয় জনসংযোগমূলক কর্মসূচিকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের শাসকদল যে স্ক্রিনশট প্রকাশ করেছে, তাতে অভিষেকের নাম ইংরেজিতে দু’রকম লেখা রয়েছে। আর নামের সঙ্গে কোনও পদবির উল্লেখ নেই। অর্থাৎ, ওই স্ক্রিনশটে যে অভিষেকের উল্লেখ রয়েছে, তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না, তা নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে। এমনকি, তাঁর স্ত্রীর কথা থাকলেও নাম উল্লেখ করা হয়নি।
ভোট ঘোষণার আগে থেকেই তৃণমূল এবং কমিশনের দ্বৈরথ দেখছে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ। এ বার সেই পারদ কয়েকগুণ চড়িয়ে দিয়েছে তৃণমূল। তারা যে স্ক্রিনশট প্রকাশ করেছে, তাতে কয়েকটি নির্দেশের কথা রয়েছে। স্ক্রিনশট অনুযায়ী, কমিশন নাকি পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষকদের কিছু নির্দেশ দিয়েছে। সেই নির্দেশে প্রথমে বলা হয়েছে, মেডিক্যাল ক্যাম্পের আড়ালে টাকা বিলি হচ্ছে। নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, তেহট্ট, রানাঘাট, কাকদ্বীপ, মগরাহাট-২, ডায়মন্ড হারবার-১ ও ২ ব্লক, ফলতা এবং লালবাগে যে সব রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে, সেগুলিতে তল্লাশি করতে হবে।