Ashneer Grover biopic

সলমনের সঙ্গে বচসা, একাধিক বিতর্ক! এ বার সেই অশ্নীর গ্রোভারের উপর তৈরি হচ্ছে ছবি, তাঁর চরিত্রে কোন তারকা?

‘বিগ বস্‌’-এর মঞ্চে পর্যন্ত গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সলমন খানের মুখোমুখি হন এবং এক বিতর্কে জড়ান। এ বার সেই অশ্নীরকে নিয়ে তৈরি হচ্ছে ছবি! কাকে দেখা যাবে তাঁর চরিত্রে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৫৭
সলমনের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন অশ্নীর!

সলমনের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন অশ্নীর! ছবি: সংগৃহীত।

উদ্যোগপতি অশ্নীর গ্রোভারকে নিয়ে তৈরি হচ্ছে ছবি? ‘শার্ক ট্যাঙ্ক’ নামের অনুষ্ঠান থেকে তিনি জনপ্রিয়তা পান। তার পরে একাধিক রিয়্যালিটি শোয়ে তাঁর উপস্থিতি দেখা গিয়েছে। ‘বিগ বস্‌’-এর মঞ্চে পর্যন্ত গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সলমন খানের মুখোমুখি হন এবং এক বিতর্কে জড়ান। এ বার সেই অশ্নীরকে নিয়ে তৈরি হচ্ছে ছবি! কাকে দেখা যাবে তাঁর চরিত্রে?

Advertisement

ভারতপে সংস্থার মালিক অশ্নীর গ্রোভার বিভিন্ন মহলের আলোচিত ব্যক্তিত্ব। ‘শার্ক ট্যাঙ্ক’ নামে অনুষ্ঠানে কড়া স্বভাবের জন্য পরিচিত ছিলেন তিনি। অংশগ্রহণকারীদের প্রায়ই বকুনি দিতেন। এর পরে একটি অনুষ্ঠানে সলমনকে নিয়েও রসিকতা করেছিলেন তিনি। পরে সলমনের মুখোমুখি হয়েছিলেন এবং প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। সেই ঘটনা নিয়ে ফের সলমনকে তোপ দেগেছিলেন অশ্নীর। তাই তাঁর চরিত্রে সলমনের অভিনয় করার কোনও সম্ভাবনাই নেই। বলিউডের অন্য এক খান অভিনয় করছেন অশ্নীরের চরিত্রে। তিনি হলেন আমির খান। এমনই খবর ছড়িয়েছে বি-টাউনে।

এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমির নাকি অশ্নীরের বায়োপিকের চিত্রনাট্য ইতিমধ্যেই পড়েছেন এবং পছন্দও হয়েছে তাঁর। রাজি হয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ছবির শুটিং শুরুর পূর্ববর্তী কাজ নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে।

২০২২-এ নিজের জীবন নিয়ে একটি বই লিখেছিলেন অশ্নীর। ‘দোগলাপন: দ্য হার্ড ট্রুথ অ্যাবাউট লাইফ অ্যান্ড স্টার্টআপ্‌স’ নামে। সেই বই নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। তাই অশ্নীরের জীবন নিয়ে ছবি তৈরি হলে সেটিও সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে।

সলমন ও অশ্নীরের মধ্যে সমস্যার সূত্রপাত কী ভাবে? ২০১৯ সালে তাঁর সংস্থার মুখ হিসাবে সলমন খানকে নেওয়া হয়। এই বিষয়ে অশ্নীর দাবি করেছিলেন, সলমন নাকি ৭.৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু অশ্নীর কথা বলার পরে নাকি তিনি ৪.৫০ কোটি টাকা পারিশ্রমিকে রাজি হন। এই বিষয়টি নিয়ে ‘বিগ বস্‌’-এর খোলা মঞ্চে অশ্নীরকে একহাত নিয়েছিলেন সলমন। ভাইজান বলেছিলেন, “আমি একটি ভিডিয়ো দেখেছি। আপনি দাবি করেছিলেন, আমার সঙ্গে নাকি নির্দিষ্ট অর্থের বিনিময়ে চুক্তি হয়েছে। এগুলো তো একটাও সত্যি নয়। এই ধরনের মিথ্যাচার করা তো ঠিক নয়।” এর পরে ‘বিগ বস্‌’-এর মঞ্চে অশ্নীর বলেছিলেন, এমন কিছুই আসলে ঘটেনি।

Advertisement
আরও পড়ুন