ওজন না তুলেই হাতের মেদ কমবে, কী কী যোগাসন অভ্যাস করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।
হাতের মেদ নাছোড়বান্দা। তা সহজে কমতে চায় না। হাতের মেদ কমাতে কর্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিং করার প্রয়োজন নেই। ডাম্বেল বা ভারী ওজন তুলতেও হবে না। ঘরে সহজ কিছু যোগাসন অভ্যাসেই হাতের মেদ কমবে তাড়াতাড়ি। সেই সঙ্গে পিঠের মেদও ঝরবে।
কোন কোন যোগাসনে হাতের মেদ কমবে?
চতুরঙ্গ দণ্ডাসন
ম্যাটের উপরে উপুড় হয়ে শুয়ে দু’টি কনুইয়ের উপরে ভর দিয়ে ধীরে ধীরে শরীরটি তুলতে হবে। পায়ের ভর থাকবে বুড়ো আঙুলের উপরে। শরীর থাকবে টানটান। দুই কনুই শরীরের পাশে ৯০ ডিগ্রি কোণে রাখুন, হাতের তালুগুলি মেঝে স্পর্শ করে থাকবে। এর পর শরীর ধীরে ধীরে নামাতে হবে, যাতে বুক মেঝে স্পর্শ করে। তার পর শরীর আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। অনেকটা পুশ আপের মতো করতে হবে। গোটা প্রক্রিয়ার সময়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।
হস্ত গরুড়াসন
পিঠ সোজা রেখে চেয়ারে পা ঝুলিয়ে বসতে হবে। ঝুঁকে বসলে চলবে না। পিঠ যেন টানটান থাকে। চোখ বন্ধ করে দুই হাত কোলের উপর রেখে গভীর ভাবে শ্বাস নিন ও ছাড়ুন। এতে মন স্থির হবে। এ বার দুই হাত সামনে বাড়িয়ে দিন, মেঝের সমান্তরাল ভাবে। ডান হাতের নীচ দিয়ে বাঁ হাতের কনুই পেঁচিয়ে ধরুন। এই অবস্থায়, অর্থাৎ দুই হাত পেঁচানো অবস্থায় কনুই কাঁধের উচ্চতায় তোলার চেষ্টা করুন। এই ভঙ্গিতে ২০ সেকেন্ডের মতো থাকুন। হাত বদলে একই রকম ভাবে বাঁ হাতের নীচ দিয়ে ডান হাতের কনুই পেঁচিয়ে ধরে একই ভাবে আসনটি করতে হবে।
ফলকাসন
ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। শরীর টানটান থাকবে। এ বার হাত ও কনুইয়ে ভর দিয়ে শরীরকে ধীরে ধীরে উপরে তুলুন। পায়ের ভর থাকবে বুড়ো আঙুলের উপর। দু’পায়ের মধ্যে দূরত্ব কম করে নেবেন। হাঁটু আর পেটও মাটি থেকে যতটা পারবেন উপরে তুলুন। পেট ভিতর দিকে টেনে রাখতে হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ২০-৩০ সেকেন্ড ওই অবস্থানে থাকতে হবে। পেটের পাশাপাশি হাত, পা, কোমর ও ঊরুর পেশিরও স্ট্রেচিং হবে এই আসন অভ্যাসে।