ICC T20 World Cup 2026

গম্ভীরের কাছে এখন গোটা দলই পরিবার, নিজের শহরে বিশ্বকাপের ম্যাচের আগে বললেন ভারতীয় দলের কোচ

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামবে ভারত। তার আগে আবেগাপ্লুত গম্ভীর জানালেন, নিজের শহরে ফেরা তাঁর কাছে সব সময়েই বিশেষ অনুভূতির। আর কী বলেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৫
cricket

ভারতের কোচ গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

নিজের শহরে ফিরেছেন গৌতম গম্ভীর। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামবে ভারত। তার আগে আবেগাপ্লুত গম্ভীর জানালেন, নিজের শহরে ফেরা তাঁর কাছে সব সময়েই বিশেষ অনুভূতির। এখন গোটা দলই তাঁর কাছে পরিবার হয়ে গিয়েছে।

Advertisement

ভারতীয় দল দিল্লি পৌঁছনোর পর সকলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন গম্ভীর। নামিবিয়া ম্যাচের আগে বোর্ডের এক ভিডিয়োয় তিনি বলেছেন, “বাড়িতে থাকা সব সময়েই বিশেষ অনুভূতির। আপনি পরিবারের সঙ্গে থাকতে পারেন। তাই পেশাদার কোচ হিসাবে জীবন কাটানো মাঝেসাঝে কঠিন হয়ে যায়। যে ভাবেই আপনি দিন কাটান না কেন, এই শহরে থাকলে দিনের শেষে বাড়ি ফেরা যায়। বাড়ি মানেই ভালবাসা। অফুরান শান্তি।”

গম্ভীরের মতে, এ ধরনের পরিস্থিতিতে মন খারাপ কাটাতে উদ্যোগী হন বাকি সাপোর্ট স্টাফেরা। ভারতের কোচ বলেছেন, “সাপোর্ট স্টাফেরা শুধু নামেই সাপোর্ট স্টাফ নয়। ওরা সকলে পরিবারের মতো।” কী ভাবে সকলের সঙ্গে বন্ধন তৈরি হয়ে গিয়েছে, সেটাও উল্লেখ করেছেন গম্ভীর।

ম্যাচের আগে যে কোনও দলই উত্তেজনায় ফুটতে থাকে। গম্ভীরের মতে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় শান্ত থাকা এবং হালকা পরিবেশ রাখা খুবই দরকার। তিনি বলেন, “ম্যাচ শুরু হওয়ার পর থেকেই চাপ বেড়ে যায়। তাই সাজঘর এবং অনুশীলনের সময় যতটা সম্ভব স্বস্তিতে থাকা দরকার। হাসিঠাট্টা করতেও বাধা নেই।” এ ব্যাপারে অধিনায়কের ভূমিকা যে গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিয়েছেন গম্ভীর।

তবে ভারতীয় কোচ মনে করেন, সাজঘরের পরিবেশ শান্ত থাকার জন্য ম্যাচ জেতাও দরকার। তিনি বলেন, “ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা তখনই হাসতে পারে, যখন জেতে। দল জিতলে তবেই সাজঘরে পরিবেশ হাসিখুশি থাকে।”

Advertisement
আরও পড়ুন