India Vs Ireland

আয়ারল্যান্ডে গিয়ে অনুশীলনে খারাপ পরিষেবা দেখে বিরক্ত ভারতীয় দল, সমস্যা মিটতেই নজর চলে গেল বৈভবে

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বেলফাস্টে প্রথম বার অনুশীলনে নেমে খারাপ পরিষেবার মুখোমুখি হল ভারত। সফরের শুরুটা ভাল হল না তাদের। সেই সমস্যা পরে মিটতেই আগ্রহ তৈরি হয়েছে বৈভব সূর্যবংশীকে নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২৩:১৩
cricket

ভারতীয় দলের অনুশীলন। ছবি: সমাজমাধ্যম।

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বেলফাস্টে প্রথম বার অনুশীলনে নেমেছিল ভারত। সেখানে খারাপ পরিষেবার মুখোমুখি হল তারা। ফলে সফরের শুরুতে একটু তাল কাটল। খারাপ মানের পরিষেবা দেওয়া হয়েছে ভারতকে। সেই সমস্যা পরে মিটতেই আগ্রহ তৈরি হয়েছে বৈভব সূর্যবংশীকে নিয়ে।

Advertisement

অনুশীলনে গিয়েই ভারতীয় দল দেখতে পায়, একটি পিচে বোলারের পিছন দিকে কোনও সাইটস্ক্রিন নেই। ফলে ব্যাটারের পক্ষে বল দেখতে সমস্যা হচ্ছিল। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “অনুশীলনের পরিষেবা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু ভারতীয় দল সেটা আইরিশ কর্তাদের নজরে এনেছে।”

ভারতের অপারেশন্স ম্যানেজার বিষয়টি সঙ্গে সঙ্গে জানান ক্রিকেট আয়ারল্যান্ডের কর্তাদের। তারা মাঠেই কথা বলেন। সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করা হয়।

তার পরেই ভারতীয় দলের তরুণতম সদস্যের দিকে নজর যায় সকলের। বড়দের দলের সঙ্গে প্রথম বার অনুশীলনে নেমেছিল বৈভব। তাঁকে খুবই স্বচ্ছন্দ দেখিয়েছে। বাঁ হাতি ব্যাটার নেটে অনায়াসে ড্রাইভ করেছে, আগ্রাসী স্ট্রোক খেলেছে। অনেক ক্ষণ ধরে ব্যাট করেছে।

বেলফাস্ট সাধারণত ক্রিকেটপ্রেমী শহর বলে পরিচিত নয়। তবে বৈভবকে দেখতে অনেক প্রবাসী ভারতীয় হাজির হয়েছিলেন অনুশীলনে। তাঁরা বৈভবের নাম ধরে চিৎকার করতে থাকেন। অনেকেই বৈভবের সঙ্গে নিজস্বী তোলার এবং সই নেওয়ার আব্দার করতে থাকেন। বাবা-মায়ের পাশাপাশি বৈভবের সঙ্গে রয়েছেন রোমি ভিন্দর, যিনি রাজস্থান রয়্যালসের সঙ্গে থাকার সুবাদে বৈভবের দেখাশোনা করেন। তাঁর সঙ্গেই নিজস্বী নেন সমর্থকেরা।

Advertisement
আরও পড়ুন