ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জিনিসপত্রের দাম দিনকে দিন বেড়েই চলেছে। সামাল দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে বড় শহরগুলিতে খুব সাধারণ মানের জীবন কাটাতেও নাভিশ্বাস ওঠে যেন। কিন্তু সম্প্রতি এক তরুণী তাঁর খরচাপাতির যে খতিয়ান দিয়েছেন, তা দেখে মনে হয়েছে বুদ্ধি করে চলতে পারলে বড় শহরে জীবনযাপনও খুব একটা কঠিন হয় না।। গুরুগ্রামে বাস করেন ওই তরুণী।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক তরুণী জানাচ্ছেন তাঁর মাসিক খরচের খতিয়ান। তরুণী জানান, তাঁর বয়স ২৫। তিনি এক কামরার যে ফ্ল্যাটটিতে থাকেন তাঁর ভাড়া ১৩০০০ টাকা। বিদ্যুৎ বিল প্রায় ১,০০০ টাকা আসে। কখনও-সখনও তা ১,২০০ থেকে ১,৩০০ টাকাও হয়। যাতায়াত বাবদ তাঁর খরচ হয় প্রায় ৩,৫০০ টাকা। পাশাপাশি প্রায় ১৫০ টাকা মূল্যের একটি অ্যাপ ক্যাব সাবস্ক্রিপশনও রাখেন তিনি, এমনটাই জানিয়েছেন ওই তরুণী।
তরুণীর কথায়, তাঁর মাসে খাওয়াদাওয়ার খরচ প্রায় ৪০০০ টাকা। এ ছাড়া ফোনের বিল, বেশ কিছু বিনোদনমূলক অ্যাপের সাবস্ক্রিপশনের জন্য তিনি খরচ করেন ১৪০০ টাকা। একটি খরচের ব্যাপারে তিনি কোনও আপস করেন না বলে জানিয়েছেন ওই তরুণী, তা হল কফি। কফিই তাঁকে সচল রাখে বলে দাবি করেছেন তরুণী। আর সেই খরচ আনুমানিক ১৫০০ টাকা। অতিরিক্ত খরচের মধ্যে রয়েছে মাঝেমধ্যে বাইরে ঘোরা, মুখরোচক খাবার খাওয়া এবং টুকটাক কেনাকাটা। এর জন্য মাসে প্রায় ২,০০০ টাকা ব্যয় হয়ে থাকে বলে জানান তিনি। প্রসাধন সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় বস্তুর জন্য ১,০০০ টাকা বরাদ্দ রাখেন তরুণী।যদিও, ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সবশেষে ওই তরুণী জানান, এর পরেও কিছু বাঁচলে হয় তিনি তা সঞ্চয় করেন বা তা ইএমআই খাতে ব্যয় হয়। সব মিলিয়ে মাসে কমবেশি ২৭০০০ টাকা তাঁর ব্যয় হয় বলে জানিয়েছেন ওই তরুণী। ইনস্টাগ্রামের ‘জার্নালসবাইকঙ্গনা’ নামের হ্যান্ডেল থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। তরুণীর হিসাবনিকাশ করে চলার পদ্ধতি দেখে তাঁর প্রশংসা করেছেন নেটাগরিকেরা। ৩০০০-এর বেশি সমাজমাধ্যম ব্যবহারকারী ভিডিয়োটিতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে। এক জন আবার বিস্ময় প্রকাশ করে জানতে চেয়েছেন, গুরুগ্রামের কোথায় ১৩০০০ টাকায় ঘর ভাড়া পেলেন ওই তরুণী!