Viral AI Video

‘বাজে বকা বন্ধ করুন’, যুদ্ধবিরতির মেয়াদবৃদ্ধি নিয়ে এআই ভিডিয়ো বানিয়ে ট্রাম্পকে কটাক্ষ ইরানের! নেটমাধ্যমে হাসির রোল

৪৫ সেকেন্ডের ওই এআই ভিডিয়োয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ওয়াশিংটনের অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনার টেবিলে ইরানীয় প্রতিনিধিদের জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে ট্রাম্পের এআই রূপকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১০:৫৫
Iran mocks US president Donald Trump by posting AI Video of him

ট্রাম্পের এআই রূপ। ছবি: এক্স থেকে নেওয়া।

বাজে বকা বন্ধ করুন ডোনাল্ড ট্রাম্প! যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে ভিডিয়ো বানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে এই বলে উপহাস করল ইরান। তেহরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরেও এআই নির্মিত ভিডিয়োর মাধ্যমে ট্রাম্পকে ক্রমাগত উপহাস করে চলেছে সাবেক পারস্য দেশটি। সেই আবহেই নতুন ওই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

হায়দরাবাদে অবস্থিত ইরানীয় দূতাবাস ‘পাকিস্তানের অনুরোধে’ ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তকে উপহাস করে এআই ভিডিয়োটি শেয়ার করেছে। ভিডিয়োটি পোস্ট করে দূতাবাসের সরকারি এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘‘কী ভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হল? ভিডিয়োটি ইরানে ভাইরাল হচ্ছে।’’

৪৫ সেকেন্ডের ওই এআই ভিডিয়োয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ওয়াশিংটনের অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনার টেবিলে ইরানীয় প্রতিনিধিদের জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। ট্রাম্পের এআই রূপটিকে সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখতে দেখা যায়, ‘‘আমরা ইরানের সঙ্গে খুব ভাল আলোচনা করছি।’’ কিন্তু তার পরে দীর্ঘ ক্ষণ কেটে গেলেও দেখা মেলেনি ইরানের প্রতিনিধিদের। এর পর অধৈর্য হয়ে পড়ে মার্কিন প্রেসিডেন্টের এআই রূপ। ক্রুদ্ধ হয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘‘ইরান যদি আলোচনায় না বসে, তা হলে আমরা তাদের ওপর বোমা ফেলব।’’ এর পরেও কেউ দেখা না দেওয়ায় খালি আসনগুলিকে দেখে ট্রাম্পের এআই রূপকে হতাশ ভাবে বলতে শোনা যায়, ‘‘তা হলে ইরানের প্রতিনিধিরা কোথায়?’’ সঙ্গে সঙ্গে এক জন সহকারী তাঁকে একটি নোট দেন। সেখানে লেখা ছিল, ‘শাট আপ ট্রাম্প’। যার অর্থ, ‘‘বাজে বকা বন্ধ করুন ট্রাম্প।’’ ভিডিয়ো শেষ হয় ট্রাম্পের এআই রূপের একটি কথা দিয়ে। অসহায় মুখে তিনি বলেন, ‘‘ঠিক আছে, তা হলে আমি পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি বাড়িয়ে দেব।’’ এর পর ঘর থেকে বেরিয়ে যান তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে।

বাস্তবে ট্রাম্প বলেছিলেন যে তিনি পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যাতে তেহরানের নেতৃত্ব যুদ্ধ শেষ করার জন্য একটি ঐক্যবদ্ধ প্রস্তাব প্রস্তুত করার জন্য আরও সময় পায়। অন্য দিকে, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে ইসলামাবাদের আলোচনা টেবিলে তারা ফিরতে চায় কি না, সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি। সেই আবহেই ট্রাম্পকে কটাক্ষ করে এআই ভিডিয়ো পোস্ট করল ইরান।

Advertisement
আরও পড়ুন