Viral Video

পুরুষদের প্রবেশাধিকার নেই, রাজত্ব কেবল নারীদের! মধ্যযুগীয় প্রাসাদ কিনে নেটপাড়ায় হইচই ফেললেন ৩০০ মহিলা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩০০ মহিলার একটি দল একত্রিত হয়ে মধ্যযুগীয় ফরাসি একটি শ্যাতো (এক ধরনের প্রাসাদ) কিনেছেন। সেটিকে অবসরযাপনের জন্য একটি অবকাশকেন্দ্রে পরিণত করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৮:০১
Video shows 300 women buys a Medieval French mansion and make it a retreat centre for women only

প্রাসাদের ভিতর মহিলাদের উল্লাস। ছবি: এক্স থেকে নেওয়া।

পুরুষদের প্রবেশাধিকার নেই। রাজত্ব করবে কেবল নারীরা। একটি মধ্যযুগীয় ফরাসি প্রাসাদ কিনে এবং সেই প্রাসাদে প্রবেশাধিকার জারি করে সমাজমাধ্যমে হইচই ফেললেন ৩০০ মহিলা। সেই প্রাসাদের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩০০ মহিলার একটি দল একত্রিত হয়ে মধ্যযুগীয় ফরাসি ওই শ্যাতো (এক ধরনের প্রাসাদ) কিনেছেন। সেটিকে অবসরযাপনের জন্য একটি অবকাশকেন্দ্রে পরিণত করেছেন। তবে সেখানে যাওয়ার নিয়ম একটাই, আপনাকে নারী হতে হবে। পুরুষদের প্রবেশাধিকার নেই ওই প্রাসাদচত্বরে। কেবল মহিলারাই সময় কাটাতে, একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং দৈনন্দিন জীবন থেকে বিরতি নিতে ওখানে যেতে পারেন।

‘ক্যাম্প শ্যাতো’ নামের প্রাসাদটি মহিলাদের জন্য তৈরি একটি ক্যাম্প-ধাঁচের স্থান হিসাবে তুলে ধরা হচ্ছে। মূলত সৌহার্দ্য, স্বাচ্ছন্দ্য এবং সম্মিলিত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য মহিলাদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেখানে। সেই প্রাসাদটিরই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

এক্স-এ ভাইরাল হওয়া ওই ভিডিয়োর মাধ্যমে একটি বার্তাও দিয়েছেন প্রাসাদের বর্তমান মালকিনেরা। পোস্টটিতে লেখা, “সেরা বন্ধু, বড় মেয়ে এবং আরও ৩০০ মহিলার সঙ্গে মিলে মধ্যযুগীয় শ্যাতো কিনেছি। নারীদের একত্রিত হওয়ার, একে অপরকে আলিঙ্গন করার, উদ্‌যাপন করার এবং একে অপরকে উৎসাহিত করার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে স্বাধীন ভাবে। আনন্দের সঙ্গে মনপ্রাণ দিয়ে আমরা এটা ধীরে ধীরে গড়ে তুলেছি।”

মালিকানার সঠিক কাঠামো এবং ৩০০ জনের প্রত্যেকে ওই প্রাসাদ কিনতে কত টাকা করে দিয়েছেন, সে সম্পর্কে স্পষ্ট কোনও বিবরণ না পাওয়া গেলেও বিষয়টি নেটপাড়ার দৃষ্টি আকর্ষণ করেছে। ‘রিচি রিচ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। উৎসাহী এবং কৌতূহলী প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই ওই মহিলাদের এ রকম উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন। এক মহিলা নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, “এটাই আমার অবসরকালীন পরিকল্পনা।” অন্য এক জন লিখেছেন, ‘‘অসাধারণ! পরিবেশটাও আমার খুব ভাল লেগেছে। কত টাকা ভাড়া জানতে পারলে সুবিধা হত।”

Advertisement
আরও পড়ুন