ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শপিং মলে না জানিয়ে তরুণীর ভিডিয়ো করার অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। ঘটনাটি জানতে পেরেই রুদ্ররূপ ধারণ করলেন সেই তরুণী। তরুণকে ধরে বেধড়ক মারলেন। তাঁদের করা এ প্রকার নিন্দনীয় কাজের জন্য মেয়েদের কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় মারতে মারতে সেটিও জানালেন। তরুণ চুপ করে দাঁড়িয়ে মার খেয়ে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শপিং মলের এক কোনায় দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি লুকিয়ে এক তরুণীর ভিডিয়ো করছিলেন এবং ছবি তুলছিলেন। তাঁর উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন সেই তরুণী যাঁর ছবি এবং ভিডিয়ো অনুমতি না নিয়েই নিজের মোবাইলের ক্যামেরায় বন্দি করে রাখছিলেন তরুণ। তরুণের চুলের মুঠি ধরে গালে একের পর এক চড় মারতে লাগলেন তরুণী। সঙ্গে জানালেন তাঁদের মতো পুরুষদের জন্য মেয়েদের কত কিছুর সম্মুখীন হতে হয়। তরুণ সেই সময় কিছু একটা বলার চেষ্টা করলেন। কিন্তু তরুণী তা কানে তুললেন না। উল্টে তরুণকে আরও মারতে লাগলেন। তরুণ হাত দিয়ে আটকাতে চাইলে তরুণী চুলের মুঠি ধরে নাড়িয়ে দিলেন। বললেন, হাত দিয়ে আটকাতে চাইলে আর কাঁদলে তিনি আরও মারবেন। শপিং মলে আসা অন্য লোকজন দাঁড়িয়ে সেই ঘটনা দেখতে লাগলেন। অনেকে তা ভিডিয়োও করলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘রাষ্ট্র ভয়েস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় দেড় হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নেটাগরিকেরা তরুণীকে সমর্থন করেছেন। তরুণের কাজের তীব্র নিন্দা করেছে নেটপাড়া।