Viral Video

জলে ডুবে একের পর এক যোগাসন ভারতীয় নৌসেনিকদের! ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড় নেটপাড়ায়

জলের নীচে যোগব্যায়াম কর্মসূচির ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, নৌসেনার কর্মীরা জলের নীচে একে অপরের সঙ্গো তাল মিলিয়ে ভুজঙ্গাসন-সহ বিভিন্ন যোগাসন করছেন। জানা গিয়েছে, লেফটেন্যান্ট কমান্ডার আরুশ শর্মার তত্ত্বাবধানে নৌবাহিনীর নিজস্ব যোগব্যায়াম প্রশিক্ষকেরা এই কর্মসূচির পরিচালনা করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৯:৪৫
Video shows submariners from INS Satvahana perform Yoga underwater on International Yoga Day

ছবি: এক্স থেকে নেওয়া।

আন্তর্জাতিক যোগদিবসে বিশেষ কীর্তি ভারতীয় নৌসেনার। জলের নীচে যোগব্যায়ামের বিশেষ আয়োজনের মাধ্যমে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ উদ্‌যাপন করল ভারতীয় নৌবাহিনীর ‘আইএনএস সাতবাহন’। জলের নীচে আয়োজিত সেই যোগব্যায়াম কর্মসূচিতে নৌসেনার ৪০ জন কর্মী সুসংহত ভাবে যোগাসন করেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। নৌবাহিনীর কর্মীদের জন্য প্রয়োজনীয় শারীরিক এবং মানসিক শৃঙ্খলার বিষয়টি এই ব্যতিক্রমী প্রদর্শনীতে ফুটে উঠেছে।

Advertisement

‘আইএনএস সাতবাহন’-এর এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা পোস্ট অনুযায়ী, অংশগ্রহণকারী নৌসেনারা জলের নীচে বেশ কিছু সুসংহত যোগাসন সম্পন্ন করেন এবং শ্বাস-প্রশ্বাসের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ, একাগ্রতা ও সহনশীলতার পরিচয় দেন। জলের নীচে যোগ কর্মসূচি তুলে ধরেছে যে, কী ভাবে প্রতিকূল পরিবেশেও যোগব্যায়াম করা সম্ভব। এটি কর্মীদের মনোযোগ, মানসিক দৃঢ়তা ও স্থিরতা বৃদ্ধিতে সহায়তা করে। নৌবাহিনীর কর্মকর্তারা উল্লেখ করেছেন, জলের মধ্যে অত্যন্ত চ্যালেঞ্জিং অভিযানে থাকা কর্মীদের জন্য এই গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জলের নীচে যোগব্যায়াম কর্মসূচির ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, নৌসেনার কর্মীরা একে অপরের সঙ্গে তাল মিলিয়ে ভুজঙ্গাসন-সহ বিভিন্ন যোগাসন করছেন। জানা গিয়েছে, লেফটেন্যান্ট কমান্ডার আরুশ শর্মার তত্ত্বাবধানে নৌবাহিনীর নিজস্ব যোগব্যায়াম প্রশিক্ষকেরা এই কর্মসূচির পরিচালনা করেন। নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাসের কারণে অংশগ্রহণকারীরা অনুভব করেন যে, কী ভাবে উচ্চ চাপপূর্ণ পরিস্থিতিতেও যোগব্যায়াম কর্মদক্ষতা বজায় রাখতে সহায়তা করতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোগটি নৌবাহিনীর কর্মীদের সামগ্রিক শারীরিক সুস্থতা এবং মানসিক ভাবে ভাল থাকার বিষয়ের ওপর গুরুত্বারোপের প্রতিফলন।

নৌসেনাদের জলের নীচে ডুবে যোগাসন করা ভিডিয়ো ইতিমধ্যেই বহু দেশবাসী দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ভারতীয় নৌসেনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। ভিডিয়োর ক্যাপশনে বলা হয়েছে, ‘‘এই আয়োজনটি সামগ্রিক সুস্থতার প্রসার এবং ফিটনেসের ক্ষেত্রে উদ্ভাবনী পদ্ধতি গ্রহণের বিষয়ে ভারতীয় নৌবাহিনীর অঙ্গীকারের প্রমাণ। একই সঙ্গে এটি আন্তর্জাতিক যোগ দিবসের মূলমন্ত্র— ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’-এর চেতনাকেও সুদৃঢ় করে।’’

Advertisement
আরও পড়ুন