Budget Season 2026

বাজেট আলোচনায় বিজেপির তরফে শুভেন্দু-অশোক-শঙ্করদের একগুচ্ছ প্রস্তাব সরকারকে, কী জবাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা

রাজনৈতিক চাপানউতরের মধ্যেই বাজেট নিয়ে একাধিক প্রস্তাব তুলে ধরল বিজেপি। বার্ধক্য ভাতা বৃদ্ধি, বিধায়ক তহবিল বাড়ানো, প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধি থেকে শুরু করে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও স্বচ্ছ ভাবে তুলে ধরার দাবি— সব মিলিয়ে বাজেট আলোচনায় একাধিক বিষয় সামনে আনলেন বিরোধীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২
In budget discussion, a host of proposals were put forward to the government by the BJP\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Suvendu Adhikari, Ashok Lahiri, Shankar Ghosh, to which Chandrima Bhattacharya responded

(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী, চন্দ্রিমা ভট্টাচার্য (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেট (ভোট অন অ্যাকাউন্ট) নিয়ে আলোচনায় প্রত্যাশিত ভাবেই শাসক তৃণমূল ও বিরোধী দল বিজেপির বিধায়কদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা, কটাক্ষ, পাল্টা কটাক্ষের ছবি ধরা পড়ল। রাজনৈতিক চাপানউতরের মধ্যেই বাজেট নিয়ে একাধিক প্রস্তাব তুলে ধরল বিজেপি। বার্ধক্য ভাতা বৃদ্ধি, বিধায়ক তহবিল বাড়ানো, প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধি থেকে শুরু করে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও স্বচ্ছ ভাবে তুলে ধরার দাবি— সব মিলিয়ে বাজেট আলোচনায় একাধিক বিষয় সামনে আনলেন বিরোধীরা।

Advertisement

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের তহবিল বৃদ্ধি করার দাবি জানান। তিনি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে এই বিষয়ে আবেদন করেন। শুভেন্দুর বক্তব্য, পাশের রাজ্য ঝাড়খণ্ডে বিধায়কদের জন্য এলাকা উন্নয়ন তহবিলের পরিমাণ ৫ কোটি টাকা হলেও পশ্চিমবঙ্গে তা মাত্র ৭০ লক্ষ টাকা। এই অর্থ কমপক্ষে ২ কোটি টাকা করা উচিত বলে তিনি দাবি তোলেন। পাশাপাশি, প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ানোর বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ জানান তিনি। শুভেন্দুর দাবি, বর্তমানে রাজ্যে ১০৫ জন প্রাক্তন বিধায়ক রয়েছেন, যাঁদের মধ্যে অধিকাংশই বাম আমলের, বাকিরা কংগ্রেস ও তৃণমূলের। প্রাক্তন বিধায়কদের আর্থিক নিরাপত্তার বিষয়টি সরকারকে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। প্রাক্তন বিধায়কদের মধ্যে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য রয়েছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু।

অন্য দিকে, বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক শঙ্কর ঘোষ বার্ধক্য ভাতা সংক্রান্ত একটি প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, “৬০ বছর বয়স হলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা যেন সরাসরি বার্ধক্য ভাতার জন্য তালিকাভুক্ত হয়ে যান।” তাঁর বক্তব্যে উঠে আসে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানো হলেও বার্ধক্য ভাতার ক্ষেত্রে বাজেটে কোনও বাড়তি ঘোষণা নেই। বাজেট বক্তৃতায় এই বিষয়ে স্পষ্ট উল্লেখ না-থাকায় তিনি অর্থ প্রতিমন্ত্রীকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান।

বিজেপি বিধায়ক ও অর্থনীতিবিদ অশোক লাহিড়ী রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে আরও স্বচ্ছতা ও তথ্যভিত্তিক উপস্থাপনার দাবি করেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘‘রাজ্যপালের ভাষণে জানা গিয়েছে, রাজ্যে মোট ৯৪টি জনকল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে। সেই প্রকল্পগুলি কবে শুরু হয়েছে, কত জন উপভোক্তা রয়েছেন, কারা আবেদন করতে পারবেন, কত টাকা বরাদ্দ হয়েছিল এবং বাস্তবে কত খরচ হয়েছে— এই সমস্ত তথ্য উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করা উচিত।’’ তাঁর মতে, এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনই সরকারের কাজের স্বচ্ছতাও বাড়বে।

এত সব প্রস্তাবের জবাবে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা একমাত্র জবাব দিয়েছেন শঙ্করের। অর্থ প্রতিমন্ত্রী জবাবি ভাষণে অপমান করেছেন বালুরঘাট বিধায়ক অশোককে— এই অভিযোগ তুলে বিজেপি বিধায়কেরা ওয়াক আউট করেন। সেই ওয়াকআউটের আগে চন্দ্রিমা বলেন, ‘‘শঙ্করবাবু নিজের বক্তৃতায় বলেছেন, লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ানো হয়েছে।। কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ধক্য ভাতা অথবা পেনশনের কথা বলা হয়নি। লক্ষীর ভান্ডার ৬০ বছর অতিক্রান্ত হলেই তা বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যায়। ওটা অন্তর্নিহিত থাকে। ৫০০ টাকা যখন লক্ষীর ভান্ডারে বাড়বে, স্বাভাবিক নিয়মেই বার্ধক্য ভাতাও ৫০০ টাকা বেড়ে যাবে, তাই এর জন্য আলাদা করে উল্লেখের কোনও প্রয়োজন নেই।’’

অন্য দিকে, বাজেট বক্তৃতায় আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সংখ্যালঘু সম্প্রদায় প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ এনেছে তৃণমূল পরিষদীয় দল। শুক্রবার তৃণমূল পরিষদীয় দলের তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অগ্নিমিত্রার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তৃণমূল সচিবালয় সূত্রে খবর, শনিবার বিধানসভা অধিবেশনের শেষ দিন অগ্নিমিত্রার বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হোক— এই মর্মে একটি লিখিত আবেদন জমা দেবে তৃণমূল পরিষদীয় দল।

Advertisement
আরও পড়ুন