Advertisement
E-Paper

ফিরুন শিকড়ের কাছে, জীবনচর্যায় এটাই নতুন ট্রেন্ড

স্বাস্থ্যরক্ষা মানেই তো আর কৃচ্ছ্রসাধন নয়! ভাত-মাছ-রসগোল্লা ছাড়া আবার সুস্থ থাকে নাকি বাঙালি? স্বাস্থ্য বাঁচাতে বহুকাল ধরেই পরীক্ষা-নিরীক্ষায় মন দিয়েছে ইউরোপ-আমেরিকা।

সুচন্দ্রা ঘটক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ০০:৩৮

স্বাস্থ্যরক্ষা মানেই তো আর কৃচ্ছ্রসাধন নয়!

ভাত-মাছ-রসগোল্লা ছাড়া আবার সুস্থ থাকে নাকি বাঙালি?

স্বাস্থ্য বাঁচাতে বহুকাল ধরেই পরীক্ষা-নিরীক্ষায় মন দিয়েছে ইউরোপ-আমেরিকা। তা দেখে স্বাস্থ্যরক্ষার চেষ্টায় বাদ পড়ছিল ভাত, ঘি থেকে পিঠেপুলি। লড়াই চলেছে কখনও অচেনা খাবার, কখনও বা না খেয়েই সুস্থ থাকার।

এখন শিকড়ে ফেরার পালা। বৈদিক জীবনযাত্রা কতটা বি়জ্ঞানসম্মত, তা মনে করাচ্ছেন নানা ক্ষেত্রের গবেষকেরা। আর অনুকরণ নয়, খেয়াল রাখতে হবে খাওয়াদাওয়া যেন হয় নিজের পরিবেশের সঙ্গে মানানসই। ফ্রান্সে জীবনযাপনের এই তত্ত্ব বেশ কিছু কাল ধরেই জনপ্রিয়। নাম ‘লোক্যাভোর’। তাতে বলা হয়, নিজের বাড়ির ১০০ মাইলের মধ্যে পাওয়া যাওয়া তাজা ফল-সব্জিতেই সারতে হয় আহার। সেটাই সুস্থ থাকার সবচেয়ে সহজ উপায়। সে-ই ভাবনাই ছড়িয়ে যাচ্ছে বিশ্বজুড়ে।

যেমন কলকাতার বহু ডায়েটিশিয়ান মনে করাচ্ছেন, রোজ এক কাপ ভাত সুস্থ রাখে বাঙালিকে। এক কালে যে ঘি প্রায় নিষিদ্ধ হয়েছিল শহুরে হেঁসেল থেকে। তা-ও ফিরছে স্বস্থানে। সহজ-সাধারণ খাওয়া, জীবনযাত্রাই যে এখন ট্রেন্ড। যা পরিচিত ‘ন্যাচারাল লিভিং’ নামে।

সাধারণ ভাবে বাঁচারও নিয়ম আছে। কমাতে হবে রাসায়নিক নির্ভরতা। শুধু ফসল ফলানোর ক্ষেত্রে নয়, রূপচর্চাতেও। সঙ্গে যদি করা যায় বৈদিক মতে কিছুটা যোগ অভ্যাস, তবে তো কথাই নেই। ন্যাচারাল লিভিং-এর ভাবনা ফিরিয়ে নিয়ে যাচ্ছে পুরনো বহু রেওয়াজের দিকে। মনে করাচ্ছে দৌড়ে সামিল হতে গিয়ে নিজেদের সংস্কৃতির ভাল দিকগুলো বাদ যাচ্ছে। কালীপুজোর আগে চোদ্দো শাক খাওয়া, সন্ধ্যায় ঘরে ধুনো দেওয়া, অরন্ধনের দিনে গোটা সেদ্ধ খাওয়ার রীতির কারণগুলো জেনে নিতে উৎসাহ দিচ্ছে। এমন অতি সাধারণ কিছু অভ্যাস যে হয়ে উঠতে পারে ভাল থাকার উপায়। অনেকে ভরসা দিচ্ছেন, এ ভাবে চলে দূরে থাকে বহু কঠিন অসুখ।

এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে বহু দিন ধরেই দেশ-বিদেশে চল হয়েছে ফারমার্স মার্কেটের। রাসায়নিকের ব্যবহার ছাড়া ফলানো ফসল সরাসরি কেনা যায় কৃষকদের থেকে। ইতিমধ্যে এ শহরের বিভিন্ন পাঁচতারা হোটেলেও হয়েছে তেমন নানা আয়োজন। শুধু নিজেদের ফলানো ফসল নয়, বাড়িতে বানানো আচার-জেলিও অনেকে পৌঁছে দিয়েছেন ক্রেতাদের হাতে। এ বার ন্যাচারাল লিভিং-এর পাঠ নেওয়া যাবে সবিস্তার। আগামী শনি ও রবিবার বৈদিক ভিলেজে থাকছে আয়োজন। অর্গ্যানিক ফসলে আহার থেকে শুরু করে যোগের কর্মশালা, ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা, বাড়িতে তৈরি স্বাস্থ্যসম্মত ঘি, জ্যাম, আচার— সবের ব্যবস্থা থাকছে সেখানে। বাগানে ঘুরতে ঘুরতে পছন্দ হওয়া সব্জিও রান্না করে খাওয়ানোর ব্যবস্থা থাকছে সেখানে। উৎসবে দেশের নানা প্রান্ত থেকে আসছেন বিশেষজ্ঞেরাও।

Natural living
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy