এ বারের শারদোৎসবে দর্শনার্থীদের এক অনন্য সাধারণ মণ্ডপসজ্জা উপহার দিতে চলেছে কলকাতার রাজডাঙা নব উদয় সংঘ।
যা নিয়ে বিশদে জানালেন ক্লাবের সহসভাপতি প্রশান্ত দাস।
প্রশান্ত জানান, তাঁদের পুজোর বয়স ৪১ বছর।
এ বছর তাঁদের পুজোর থিম 'প্রশ্ন'।
থিম ভাবনা এবং মণ্ডপসজ্জার নেপথ্যে রয়েছেন দেবাশিস বারুই।
মণ্ডপের ভিতর এক মহাজাগতিক পরিবেশ ও আবহ নির্মাণ করা হচ্ছে।
মহাকাশে যেমন অসংখ্য নক্ষত্র, গ্রহ, জ্যোতিষ্কের বিচরণ থাকে - একে বারে তারই প্রতিচ্ছবি ধরা পড়বে পুজোমণ্ডপের ভিতর।
প্রতিমার অধিষ্ঠানের জন্য মূল মঞ্চ নির্মাণ করা হচ্ছে শিবলিঙ্গের অনুকরণে।
এ বারের এই মণ্ডপসজ্জায় আলোর বিশেষ ভূমিকা থাকছে। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রেমেন্দ্রনাথ চাকি।
মণ্ডপ নির্মাণ করতে ব্যবহার করা হচ্ছে লোহা, বাঁশ, কাপড়, রং-সহ নানা সামগ্রী। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)