শিল্পোৎপাদন তলানিতে, কমলো খুচরো মূল্যবৃদ্ধি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
ঘুরে দাঁড়ানোর স্পষ্ট কোনও ইঙ্গিত দিল না অর্থনীতি। শিল্প বৃদ্ধি জুলাইয়ে এক ধাক্কায় নেমে এল ০.৫ শতাংশে। চার মাসে সবচেয়ে কম। জুনে তা ছিল ৩.৯% (সংশোধিত)। জুলাইয়ে সরাসরি ১% কমেছে কারখানার উৎপাদন, গত বছর তা বাড়ে ৩%। ভোগ্যপণ্যের উৎপাদনও কমেছে ৭.৪%। এ দিকে, ভোগ্যপণ্যের মূল্য সূচক অনুযায়ী হিসাব করা খুচরো বাজারে মূল্যবৃদ্ধি অগস্টে কমে হয়েছে ৭.৮০%। জুলাইয়ে তা ছিল ৭.৯৬%। দুশ্চিন্তা বহাল রেখেছে মূলত খাদ্যপণ্যের চড়া দর, যা বেড়েছে ৯.৪২%। এই পরিস্থিতিতে ৩০ সেপ্টেম্বরের ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাবে কি না, তা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। যে কারণে হতাশ শিল্পমহলও। বিশেষজ্ঞরদের মতে, শুক্রবার প্রকাশিত এই জোড়া সরকারি পরিসংখ্যান দীর্ঘ মেয়াদে অর্থনীতির বৃদ্ধির সড়কে ফেরার পথ কিছুটা অনিশ্চিত করল। সার্বিক শিল্প বৃদ্ধির হিসাবে কারখানার উৎপাদনের গুরুত্ব ৭৫%। তাই এই উৎপাদন কমায় উদ্বিগ্ন শিল্পমহল।
সেবি-র নিষেধাজ্ঞা
সংবাদ সংস্থা • মুম্বই
এসএমএস ভিত্তিক এক লগ্নি কেলেঙ্কারিতে প্রধান দুই চক্রী, ইমতিয়াজ হানিফ খান্ডা ও ভালি মামাদ হাবিব ঘানিওয়ালার শেয়ার বাজারে লেনদেনে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করল সেবি। অভিযোগ, তাঁরা এস এম এস মারফত লগ্নিকারীদের লেনদেনের পরামর্শ দিতেন। সঙ্গে থাকত দিনে ৫ থেকে ৭৫ হাজার টাকা আয়ের প্রতিশ্রুতি। সেবি-র রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগে, বাজারের এমন সব কাজ থেকেও ওই দু’জনকে বিরত থাকতে বলা হয়েছে।
প্লাসে হবে দেরি
অ্যাপল আইফোন-৬ এবং আইফোন-৬ প্লাস প্রকাশ্যে এনেছে গত মঙ্গলবার। কথা ছিল, দু’টিই গ্রাহকরা পাবেন ১৯ সেপ্টেম্বর থেকে। শুক্রবার তার জন্য অনলাইন বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জানা গিয়েছে, ৫.৫ ইঞ্চি স্ক্রিনের আইফোন-৬ প্লাস-এর জন্য ১৯ তারিখের পরেও ৩-৪ সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। সংবাদসংস্থার সূত্রে গত মাসে জানা গিয়েছিল, যন্ত্রাংশের নক্সায় কিছু বদল জরুরি হয়ে পড়ায় সময়ের মধ্যে অ্যাপলকে যথেষ্ট সংখ্যক স্ক্রিন জোগাতে পারছে না সরবরাহকারী সংস্থাগুলি। তাই এই দেরি কি না, সে সম্পর্কে আ্যাপলের তরফে কিছু জানানো হয়নি। চিন স্মার্টফোনের সব চেয়ে বড় বাজার। সে দেশে আইফোন-৬ বিক্রি শুরু করার দিনক্ষণ এখনও স্থির করেনি অ্যাপল। এ বছরের শেষ নাগাদ তা হতে পারে।
নিয়োগ মেলা শুরু আজ
আজ থেকেই শহরে শুরু হচ্ছে দ্য টেলিগ্রাফ জব্স ও শাইন ডট কম আয়োজিত নিয়োগ মেলা। শাইনের ব্যবসায়িক প্রধান জাইরাস মাস্টার জানান, নানা ক্ষেত্রের ২৬টির বেশি সংস্থা এই মেলায় আসবে। সংস্থাগুলি এখান থেকে কর্মী নিয়োগ করবে বলেও তাঁর আশা। প্রার্থীরা যোগ্যতা প্রমাণ করে কাজের বাজারে জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন, মত জাইরাসের। রোটারি সদনে মেলাটি চলবে রবিবার পর্যন্ত।