Kolkata's Expensive Areas

সাহেবি আমলের ছোঁয়া থেকে আইটি পার্কের ব্যস্ততা! কলকাতার কোন আট জায়গায় আছে অভিজাতদের আবাসন?

দেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে কলকাতায় বাড়ি বা ফ্ল্যাট কেনার চাহিদা নেহাত কম নয়। তিলোত্তমার বুকে এমন আটটি জায়গা রয়েছে, যেখানকার আবাসিকদের অভিজাত বলা চলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৫৮
Share:

—প্রতীকী ছবি।

কলকাতা। দেশের সাংস্কৃতিক রাজধানী। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকে ধীরে ধীরে গড়ে উঠেছে আজকের গঙ্গাপাড়ের শহর। পূর্ব ভারতের শহরটিতে বিলাসবহুল জীবনযাত্রার সুযোগ নেহাত কম নয়। ঝাঁ চকচকে আবাসনের নিরিখে কলকাতার আটটি এলাকাকে চিহ্নিত করা যেতে পারে। ট্যাঁকের জোর না থাকলে সেখানে বাড়ি বা ফ্ল্যাট কেনার চিন্তাভাবনাও করা উচিত নয়।

Advertisement

কলকাতার মর্যাদাপূর্ণ আবাসিক এলাকার মধ্যে প্রথমেই আসবে আলিপুরের নাম। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে মিলবে ঔপনিবেশিক স্থাপত্যের বহু নিদর্শন। উদাহরণ হিসাবে জাতীয় গ্রন্থাগার, দেশের প্রাচীনতম চিড়িয়াখানা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসের কথা বলা যেতে পারে। আর তাই কূটনীতিক এবং শিল্পপতিদের একাংশের এখানে নিজস্ব আবাসন রয়েছে।

দক্ষিণ কলকাতার সেরা আবাসন এলাকা আবার বালিগঞ্জ। জায়গাটির কৌশলগত অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এর এক দিকে রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস, অপর অংশটি চলে গিয়েছে রাসবিহারী অ্যাভিনিউয়ে। রেল যোগাযোগেরও সুবিধা পেয়ে থাকেন বালিগঞ্জবাসীরা। লোকাল ট্রেনে চেপে তাঁরা অনায়াসে শিয়ালদহ, বজবজ, ক্যানিং, নামখানা এমনকি ডায়মন্ড হারবার পর্যন্ত যেতে পারবেন।

Advertisement

তালিকার তৃতীয় স্থান পেয়েছে সল্টলেক। কলকাতা সংলগ্ন এই জায়গাটিতে সুপরিকল্পিত নগরায়ন গড়ে তুলেছে সরকার। এর অন্তর্গত সেক্টর-৫ তথ্যপ্রযুক্তি বা আইটি হাব হিসাবে পরিচিত। তা ছাড়া অত্যাধুনিক হাসপাতাল, বিশ্বমানের বেশ কয়েকটা স্কুল এবং আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম রয়েছে সল্টলেকে। পাশাপাশি বিকাশ ভবন, বিদ্যুৎ ভবন-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতরও সেখানে গড়ে উঠেছে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত কয়েক বছরে সল্টলেকে বাড়ি বা ফ্ল্যাট কেনার ঝোঁক অনেকটাই বেড়েছে। এর নেপথ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল মেট্রো রেলের যোগাযোগ। সল্টলেকের মতো স্মার্ট পরিকাঠামো নিয়ে গড়ে উঠছে নিউ টাউন। এখানে ভবিষ্যতের আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। কলকাতা সংলগ্ন বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য নিউ টাউনকে বেছে নিচ্ছেন অভিজাত আবাসিকদের একাংশ।

Advertisement

এই তালিকায় পিছিয়ে নেই দক্ষিণ কলকাতার যোধপুর পার্কও। এখানে নিজস্ব বাড়ি এবং আধুনিক অ্যাপার্টমেন্ট দুটোই দেখতে পাওয়া যায়। বেশ কয়েক জন সাহিত্যিক এবং জাতীয় স্তরের খেলোয়াড়দের বাড়ি রয়েছে যোধপুর পার্কে। একই কথা ভবানীপুরের ক্ষেত্রেও সত্যি। স্কুল-কলেজ-সিনেমা হল নিয়ে এটিকে কলকাতার অন্যতম জাঁকজমকপূর্ণ এলাকা বলা যেতে পারে। এ ছাড়া অভিজাত আবাসিকদের পছন্দের তালিকায় রয়েছে লাউডন স্ট্রিট এবং কুইন্স পার্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement