ফের কমলো পেট্রোল, ডিজেলের দর
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম পড়তে থাকায় আরও কিছুটা স্বস্তি সাধারণ মানুষের। রবিবার ফের পেট্রোল-ডিজেলের দাম কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কর বাদ দিয়ে পেট্রোল লিটারে কমলো ৯১ পয়সা, ডিজেল ৮৪ পয়সা। মধ্যরাত থেকেই নতুন দর চালু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। এ নিয়ে অগস্ট থেকে পেট্রোল কমলো টানা ৭ বার, ডিজেল অক্টোবর থেকে ৩ বার। কলকাতায় কর যোগ করে পেট্রোলের দর লিটারে ৯৫ পয়সা কমে দাঁড়াল ৭০.৭৩ টাকা। পাশাপাশি, ডিজেল ৮৭ পয়সা কমে হল ৫৭.০৮ টাকা। এর আগে পেট্রোল-ডিজেলের দর কমেছিল ১ নভেম্বর। ইন্ডিয়ান অয়েল তার বিবৃতিতে জানিয়েছে, তার পর থেকে বিশ্ব বাজারে তেলের দাম আরও কমেছে। বেড়েছে ডলারের তুলনায় টাকার দাম। এই দু’ইয়ের প্রভাবেই ভারতে তেল আমদানির খরচ কমেছে বলে সরকারি সূত্রের খবর।
স্মার্ট সিটি-র নির্দেশিকা শীঘ্রই চূড়ান্ত করবে কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আগামী দু’তিন মাসের মধ্যে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের নির্দেশিকা চূড়ান্ত হবে। আপাতত খসড়া নির্দেশিকার ভিত্তিতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিচ্ছে কেন্দ্র। শনিবার এমসিসি চেম্বারের সভায় এ কথা জানান কেন্দ্রীয় নগরোন্নয়ন সচিব শঙ্কর অগ্রবাল। দেশ জুড়ে ১০০টি স্মার্ট সিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। অগ্রবাল এ দিন জানান, এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের পাশাপাশি বেরসকারি লগ্নিরও প্রয়োজন হবে। সে ক্ষেত্রে শিল্পমহল চাইবে যাতে তাদের লগ্নি সুরক্ষিত থাকে এবং লাভজনক হয়। কী ভাবে সে সব ঠিক হবে, তার খসড়া নির্দেশিকা তৈরি হয়েছে। সব পক্ষের মতামত নিয়ে মাস দু’তিনের মধ্যে তা চূড়ান্ত হবে বলেই আশাবাদী তিনি। রাজ্যের সুপারিশের ভিত্তিতে কোন শহর স্মার্ট সিটি-র তকমা পাবে তা ঠিক করবে কেন্দ্র। রাজারহাটের নিউটাউন সেই তালিকায় ঠাঁই পেতে পারে বলে তাঁর মতোই আশাবাদী রাজ্যের নগরোন্নয়ন সচিব দেবাশিস সেন। পাশাপাশি তিনি জানান, রাজারহাট থেকে ভিআইপি রোড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তায় ওয়াই-ফাই পরিষেবা চালু হবে মার্চের মধ্যেই। এ জন্য বরাত দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে।
বাণিজ্যিক গাড়ির বাজার বাড়া নিয়ে আশা শিল্পমহলে
নতুন বছর থেকে বাণিজ্যিক গাড়ির ব্যবসা বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট শিল্প। ক্রেতা টানতে তাই এখন থেকেই নতুন বাণিজ্যিক গাড়ি বাজারে আনছে ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকল (ভিইসিভি)-এর মতো বাণিজ্যিক গাড়ি নির্মাতা সংস্থা। যাত্রী গাড়ির চেয়েও গত কয়েক বছর খারাপ সময় কাটিয়েছে বাণিজ্যিক গাড়ি সংস্থাগুলি। আর্থিক উন্নয়নের গতি থমকে যাওয়ায় বাণিজ্যিক গাড়ির ব্যবসা একটা বড় সময় মন্দার মধ্য দিয়ে চলেছে। ভিইসিভি-র সিনিয়র ভিপি শ্যাম মল্লারের মতে, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে এই গাড়ির ব্যবসা আশাব্যঞ্জক হবে। বাজারের ইতিবাচক প্রভাব ধরে রাখতে হালকা ও মাঝারি ধরনের, পাঁচ থেকে ১৫ টনের বেশ কয়েকটি নতুন ট্রাক (আইশার প্রো ১০০০ সিরিজ এবং আইশার প্রো ৩০০০ সিরিজ) বাজারে এনেছে সংস্থাটি। কলকাতার বাজারেও সেগুলির বিক্রি শুরু করছে তারা। আগামী বছরে আরও কিছু নতুন ট্রাক বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের।
সিদ্ধার মূল্যায়ন
ক্রিসিলের কাছ থেকে ৬ তারা রেটিং পেল রাজারহাটে সিদ্ধা টাউন প্রকল্প। বিভিন্ন শহরে বাণিজ্যিক প্রকল্প, রিটেল অফিস, আবাসন, তথ্যপ্রযুক্তি পার্ক ইত্যাদিকে এই রেটিং দেয় ক্রিসিল রিয়েল এস্টেট স্টার রেটিংস।
মেয়েদের জন্য
মেয়েদের জন্য ‘মিসি লেগিংস’ আনল ডলার। ৬৫টি রঙে তা মিলবে বলে জানিয়েছে সংস্থা। এগুলি ভারতীয় ও পশ্চিমী পোশাকের সঙ্গে পরা যাবে।
উপহার দিতে
গয়নার ব্র্যান্ড ‘সাক্ষী’ আনল গিফ্ট ভাউচার কার্ড। সাউথ সিটি-র বিপণিতে ৫০০-১০০০ টাকার এই কার্ড সম্প্রতি আনা হয়েছে। এটি ইস্যুর পরে ৩ মাস বৈধ থাকবে।