বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।
বড়দের সঙ্গে চোখে চোখ রেখে এবং কাঁধে কাঁধ মিলিয়ে ক্রিকেট খেলে ঠিকই। কিন্তু মনের দিক থেকে বৈভব সূর্যবংশী এখনও কিশোরই। ১৫ বছরের ক্রিকেটার ম্যাচ খেলতে নামার আগে নিয়মিত কার্টুন দেখে। বোলার নয়, নজর থাকে কমিক দুনিয়ার বিভিন্ন চরিত্রের দিকে। বুধবার লখনউকে হারানোর পর রাজস্থানের ক্রিকেটার এমনই কথা বলেছে।
মাঠে নেমে শুরু থেকে আগ্রাসী শট খেললেও তার আগে নিজেকে শান্ত রাখে বৈভব। এ ব্যাপারে তাকে সাহায্য করে কার্টুন। ম্যাচের পর ‘স্টার স্পোর্টস’-এ বৈভব বলেছে, “আমার মন খুব স্বচ্ছ থাকে। প্রতিটি ম্যাচের আগে আমি কার্টুন দেখি। আজও দেখেছি। এটা অভ্যাস হয়ে গিয়েছে। তবে ম্যাচের দিকেও আমার মনোযোগ থাকে।”
লখনউয়ের বিরুদ্ধে মন্থর পিচে খুব একটা ভাল খেলতে পারেনি বৈভব। ১১ বলে ৮ রান করে আউট হয়ে গিয়েছে। যদিও রাজস্থানের জিততে অসুবিধা হয়নি। বৈভব বলেছে, “আমরা পরের ম্যাচে আরও ভাল খেলব। এই ম্যাচ থেকে দু’পয়েন্ট পেয়েছি। এখন আমরা প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম।”
উল্লেখ্য, লখনউ ম্যাচে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বৈভব। এই ম্যাচের আগে আইপিএলে তার রান ছিল ৪৯৮। এ দিন ২ রান করে মাইলফলক স্পর্শ করে বৈভব। আইপিএলে ৫০০ রান করতে বৈভব খেলেছে ২২৭ বল। তাতেই তৈরি হয়েছে ইতিহাস। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ২৫০টির কম বল খেলে ৫০০ রান পূর্ণ করল বিহারের কিশোর।
বৈভবের আগে আইপিএলে সবচেয়ে কম বলে ৫০০ রান করার নজির ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। ২৬০ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। তাঁর রেকর্ড ভেঙে দিল বৈভব। এই তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে থাকলেন পঞ্জাব কিংসের প্রিংয়াশ আর্য এবং বীরেন্দ্র সহবাগ। তাঁরা ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ২৮০টি বল খেলে। তালিকায় পঞ্চম স্থানে মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীর। তিনি আইপিএলে ৫০০ রান পূর্ণ করেন ২৮৩ বল খেলে।