IPL 2026

দাম কমেছে ১৬ কোটি, খেলারও সুযোগ পাচ্ছেন না, কেকেআর ছেড়ে কোহলিদের বেঙ্গালুরুতে যোগ দেওয়ার পর মুখ খুললেন বেঙ্কটেশ

কেকেআর এক সময় ২৩.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল। সেই আস্থার দাম রাখতে পারেননি। অনেক কম দামে গত বছর যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে। সেই বেঙ্কটেশ আয়ারের মুখে আবার শোনা গেল কেকেআরের কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২৩:১০
Share:

বেঙ্কটেশ আয়ার। ছবি: পিটিআই।

পাঁচ বছর আগে তাঁর পারফরম্যান্স দেখে কেকেআর ২৩.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল। সেই আস্থার দাম রাখতে পারেননি। কেকেআরও তাঁকে ধরে রাখেনি। অনেক কম দামে তিনি গত বছর যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে। ম্যাচও খেলার সুযোগ পাচ্ছেন না। সেই বেঙ্কটেশ আয়ারের মুখে আবার শোনা গেল কেকেআরের কথা।

Advertisement

চেন্নাই ম্যাচের আগে বেঙ্কটেশ বলেছেন, “পেশাদার হিসাবে যে দলে খেলার সুযোগ পাব সেখানেই মানিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় কেকেআরে কাটিয়েছি। তাই ওদের প্রতি এখনও যে আবেগের কোনও জায়গা নেই এটা বললে অসত্য বলা হবে।”

বেঙ্কটেশ যোগ করেছেন, “পেশাদার ক্রিকেটার হিসাবে এটাই মেনে নিতে হবে। নিলামে গেলে যে কোনও দলের হয়ে খেলার জন্য তৈরি থাকতে হবে। আমি আরসিবি-তে খেলতে পেরে খুশি। কে চাইবে না এমন সুযোগ? সমর্থক, চিন্নাস্বামী স্টেডিয়ামের মতো পরিবেশ, ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে সাজঘর ভাগ করার অনুভূতি সকলেই পেতে চাইবে। অধিনায়কের মতো একজন প্রিয় বন্ধু রয়েছে আমার। তাই পরের সুযোগের অপেক্ষায় এখন থেকেই মুখিয়ে রয়েছি।”

Advertisement

চলতি আইপিএলে মাত্র এক বারই খেলেছেন বেঙ্কটেশ। সেটাও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। সুযোগ না পাওয়ার হতাশা থাকলেও বিষয়টি মেনে নিয়েছেন বেঙ্কটেশ। বলেছেন, “না খেলার ব্যাপারটা মাথায় রয়েছেই। সাধারণত মাঠের বাইরে বেশি সময় কাটাই না। ঠিক আছে। এটা পেশাদার খেলা। আমি ব্যক্তির আগে দলকে রাখি। দলের জন্য বাইরে বসে থাকতে হলে আপত্তি নেই। আরসিবি চ্যাম্পিয়ন দল। যে দল ট্রফি জিতিয়েছে সে দলে বদল করা বুদ্ধিমানের কাজ নয়। দলে ভারসাম্য বুঝে নিয়েছি। কী ভূমিকা পালন করতে পারি জানি। বাইরে বসে আছি মানেই দলের পরিকল্পনায় নেই এমনটা নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement