মার্কিন সহযোগী অংশীদারি বাড়াচ্ছে টিটিকে হেল্থে

স্বাস্থ্যবিমা সংস্থা সিগনা টিটিকে হেল্‌থ ইনশিওরেন্সে অংশীদারি বাড়াতে চলেছে সংস্থার বিদেশি সহযোগী আমেরিকার সিগনা কর্পোরেশন।

Advertisement

প্রজ্ঞানন্দ চৌধুরী

শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০২:৪৫
Share:

স্বাস্থ্যবিমা সংস্থা সিগনা টিটিকে হেল্‌থ ইনশিওরেন্সে অংশীদারি বাড়াতে চলেছে সংস্থার বিদেশি সহযোগী আমেরিকার সিগনা কর্পোরেশন। নতুন বিমা আইন মাফিক সিগনা তাদের অংশীদারি ২৬% থেকে বাড়িয়ে ৪৯% করতে চলেছে। এ জন্য ভারতীয় অংশীদার টিটিকে গোষ্ঠী এবং সিগনা কর্পোরেশনের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তিটি বিমা নিয়ন্ত্রক আইআরডিএ-র অনুমোদনের অপেক্ষায়।

Advertisement

তিন বছর আগে ভারতে স্বাস্থ্যবিমার ব্যবসা শুরু করে সিগনা টিটিকে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সন্দীপ পাটিল বলেন, ‘‘আইআরডিএ-র নিয়ম অনুযায়ী এটা নিশ্চিত করা জরুরি যে, বিদেশি অংশীদারি বাড়লেও সংস্থার রাশ থাকবে এখনকার পরিচালন পর্ষদের হাতেই। টিটিকে-সিগনার নতুন চুক্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’’

এ দিকে স্বাস্থ্যবিমার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একটি পরিকল্পনা গ্রহণ করেছে সিগনা টিটিকে। এর জন্য একটি বিশেষ সমীক্ষায় সাধারণ মানুষের স্বাস্থ্যের ব্যাপারে বিভিন্ন সমস্যা নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। জীবনযাত্রার ধরন সংক্রান্ত বিভিন্ন সমস্যা কী ভাবে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে, তথ্য জোগাড় করা হয়েছে তা নিয়েও। সন্দীপবাবু বলেন, ‘‘সমীক্ষা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা মানুষের সঙ্গে আলোচনা করে জানার চেষ্টা কবর, কী ধরনের স্বাস্থ্যবিমা প্রকল্প ছাড়া প্রয়োজন।’’

Advertisement

চলতি আর্থিক বছরে সিগনা টিটিকে প্রিমিয়াম বাবদ আয় গত বছরের তুলনায় ৪ গুণ বাড়ানোর পরিকল্পনা করেছে। সন্দীপবাবুর আশা, ২০১৬-’১৭ আর্থিক বছরে তাঁদের প্রিমিয়াম বাবদ আয় দাঁড়াবে ৪০০ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement