Price Hike

পশ্চিম এশিয়ার যুদ্ধে দেশে দাম বাড়ছে অত্যাবশ্যকীয় পণ্যের, বাড়ছে দুশ্চিন্তাও

মূল্যবৃদ্ধির কারণে ইতিমধ্যেই পণ্যের দাম এক দফা ৪% বাড়িয়েছে ডাবর ইন্ডিয়া। আগামী দিনে বৃদ্ধির হার ধাক্কা খাওয়ার আশঙ্কাও জানিয়েছে। আরও অনেক সংস্থা দাম বাড়াতে চলেছে বলে দাবি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৯:২৬
Share:

— প্রতীকী চিত্র।

উদ্বেগ বাড়ছে দেশের সাধারণ এবং স্বল্প রোজগেরে মানুষদের। চা, কফি, বিস্কুট থেকে শুরু করে তেল, সাবান, শ্যাম্পু— দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম শীঘ্রই আরও বাড়তে চলেছে বলে সতর্ক করল ভোগ্যপণ্য সংস্থাগুলি। দেশে মূল্যবৃদ্ধি চড়া থাকার সময় যেগুলি বেশ কিছুটা বেড়ে যাওয়ায় আগেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এখন তা আরও বাড়লে সকলেরই সংসার খরচ বেড়ে যাবে। তার উপর মার্চেই রান্নার গ্যাসের দাম বেড়েছে। বাণিজ্যিক গ্যাস ৩০০০ টাকা পেরনোয় বেড়েছে বাইরে খাওয়ার খরচ। প্রয়োজনে ঘুরে ঘুরে কাজ করতে হয় যাঁদের, তাঁরা ছোট দোকানে খেতে গেলেও আগের থেকে বেশি টাকা লাগছে। সংশ্লিষ্ট মহলের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধের ধাক্কা যে ভারতে আমজনতার ঘরে ঢুকে পড়েছে সেটাই এ বার আরও স্পষ্ট হল।

মূল্যবৃদ্ধির কারণে ইতিমধ্যেই পণ্যের দাম এক দফা ৪% বাড়িয়েছে ডাবর ইন্ডিয়া। আগামী দিনে বৃদ্ধির হার ধাক্কা খাওয়ার আশঙ্কাও জানিয়েছে। আরও অনেক সংস্থা দাম বাড়াতে চলেছে বলে দাবি। এর মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার বিভিন্ন ধরনের সাবান, চা, কফি, প্যাকেটবন্দি খাবারের দাম বাড়াতে পারে। নেসলে, ব্রিটানিয়ার মতো সংস্থাও জানিয়েছে, গম ও দুগ্ধজাত পণ্য-সহ বিভিন্ন অত্যাবশ্যক জিনিসের দাম বৃদ্ধির কথা।

দশ সপ্তাহে গড়ানো ইরান-আমেরিকার সংঘাতকেই এই সিদ্ধান্তের জন্য দায়ী করেছে ভোগ্যপণ্য শিল্প। তাদের দাবি, জোগানে ধাক্কা লাগায় বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে। দেশের তার প্রভাব আছে। তার উপর বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানির খরচও ঊর্ধ্বমুখী। ফলে বেড়েছে উৎপাদন খরচ। তাই মুদি দোকানের প্রায় সব কিছুর দাম অন্তত ৩%-৫% বাড়ছে। সূত্রের দাবি, আগামী দিনে কম পণ্য ভরে প্যাকেটের ওজন কমানোর পদক্ষেপও করা হতে পারে।

ডাবরের গ্লোবাল চিফ এগজ়িকিউটিভ মোহিত মলহোত্রের দাবি, পশ্চিম এশিয়ার অশান্তির কারণে পণ্য প্যাকেটবন্দি করার উপকরণের খরচ বাড়ছে। ফলে এই অর্থবর্ষে ১০% মূল্যবৃদ্ধির মুখে পড়েছে সংস্থা। তাই বাজারে খুচরো দাম বাড়ানো হয়েছে। পণ্যের দাম ও ওজনে প্রভাব পড়া নিয়ে সাবধান করেছে বাকি সংস্থাগুলিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন