দাম বাড়ল প্রিমিয়াম পেট্রল, শিল্পের ডিজ়েলের
Petrol And Diesel Price

এ বার কি পালা সাধারণ পেট্রল-ডিজ়েলের, দুশ্চিন্তা

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল এ দিন জানিয়েছে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম গত কয়েক দিনে দ্বিগুণের বেশি মাথা তুলেছে। ভারতের কেনা যে তেলের ব্যারেল আগে ছিল ৭০ ডলার, তা এখন কিনতে হচ্ছে ১৫৬ ডলারে। প্রতি লিটারে গড়ে ৪০ টাকা মতো লোকসানের মুখে পড়তে হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৭:২৯
Share:

—প্রতীকী চিত্র।

সম্প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে শুক্রবার বেশি ক্ষমতাসম্পন্ন এবং উঁচু মানের প্রিমিয়াম পেট্রলের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সারা দেশে লিটার প্রতি তা বাড়ল ২ টাকা। কর যোগ করে শহরভেদে দাঁড়াল সর্বাধিক ২.৩ টাকা। এ দিন বাড়ানো হয়েছে শিল্পে ব্যবহৃত ডিজ়েলও। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, লিটারে এটি ২১.৯২ টাকা বেড়ে হয়েছে ১০৯.৫৯ টাকা। সংশ্লিষ্ট মহলের দাবি, এই জ্বালানির দাম বাড়লে পণ্য উৎপাদনের খরচ বাড়ে। ফলে তা নতুন করে উস্কে দিচ্ছে মূল্যবৃদ্ধির আশঙ্কা। তবে এ দিন গোটা দেশের উদ্বেগ বেড়েছে মূলত সাধারণ পেট্রল-ডিজ়েল নিয়ে। এই দু’টির দাম বাড়েনি। কিন্তু রান্নার গ্যাস, অটো এলপিজি থেকে শুরু করে এ দিনের প্রিমিয়াম পেট্রল বা শিল্পের ডিজ়েল— একের পর এক জ্বালানি দামি হওয়ার পরে এখন প্রশ্ন, এর পর কি তা হলে পেট্রল-ডিজ়েলের পালা?

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল এ দিন জানিয়েছে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম গত কয়েক দিনে দ্বিগুণের বেশি মাথা তুলেছে। ভারতের কেনা যে তেলের ব্যারেল আগে ছিল ৭০ ডলার, তা এখন কিনতে হচ্ছে ১৫৬ ডলারে। প্রতি লিটারে গড়ে ৪০ টাকা মতো লোকসানের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে আপাতত প্রিমিয়াম পেট্রলের দাম বাড়ানো হচ্ছে। তবে তেল সংস্থাগুলির দাবি, এই পেট্রল দেশের মোট বিক্রীত পেট্রলের মাত্র ৫%। ফলে তৈরি হচ্ছে ধন্দ। সাধারণ পেট্রল ও ডিজ়েলের দাম অপরিবর্তিত থাকলেও, সেটা কত দিন সম্ভব হবে? কলকাতায় এখন এই দু’টি যথাক্রমে ১০৫.৪১ এবং ৯২.০২ টাকা। শহরে ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম পেট্রল এক্সপি ৯৫-এর দাম অবশ্য বেড়েছে ২.০৯ টাকা। তার লিটার বিকিয়েছে ১১৪.৯৫ টাকায়। হিন্দুস্তান পেট্রলিয়ামের পাওয়ার ৯৫ হয়েছে ১১৫.৬৩ টাকা। আর ভারত পেট্রলিয়ামের পেট্রল স্পিডের ১১২.৪৪ টাকা। এখন শহরে সাধারণ পেট্রলের দাম ১০৫.৪১ টাকা, ডিজ়েল ৯২.০২ টাকা।

এ দিনই দেশে তেলের পরিস্থিতি নিয়ে তিন তেল সংস্থার অধিকর্তারা বিক্রেতা বা ডিলারদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তেল কর্তাদের আশ্বাস, ভারতে আগামী মে মাস পর্যন্ত তেল মজুত। ফলে আতঙ্কের কারণ নেই। অযথা জ্বালানি কেনা বন্ধ করতে প্রচার চালাতেও বলা হয়েছে। তবে পেট্রল-ডিজ়েলের দাম বাড়বে কি না, স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি বলেই খবর। যদিও এক বিক্রেতা বৈঠক থেকে বেরিয়ে জানান, সংস্থাগুলি বুঝিয়ে দিয়েছে হাতে যথেষ্ট তেল থাকা সত্ত্বেও পরিস্থিতি চাইলে দাম পরিবর্তন করা হতে পারে।

ইন্ডিয়ান অয়েল ডিলার্স অ্যাসোসিয়েশনের কর্তা জন মুখোপাধ্যায় বলেন, ‘‘আমাদের কাছে যথেষ্ট জ্বালানি রয়েছে। হাতে আগামী এক-দেড় মাসের মজুত। তবে খুচরো ক্ষেত্রে ব্যবহার করার জ্বালানি যাতে শিল্পের কাজে ব্যবহৃত না হয়, তার জন্য তেল সংস্থাগুলি সকলকে সতর্ক করে দিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন