— প্রতীকী চিত্র।
ভোডাফোন আইডিয়ার (ভি) বকেয়া অর্থাৎ এজিআর কী ভাবে কমানো যায় তা খতিয়ে দেখছিল কেন্দ্রীয় টেলিকম দফতরের (ডট) বিশেষ কমিটি। বৃহস্পতিবার সংস্থা শেয়ার বাজারে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, অবশেষে ডট-এর পাওনা টাকা প্রায় ২৭% কমানো হয়েছে। যা টাকার অঙ্কে ২৩,৭০০ কোটি। ফলে হালকা হচ্ছে তাদের বোঝা। সরকারের কাছে স্পেকট্রাম ব্যবহার বাবদ ভি-র বকেয়া ছিল ৮৭,৬৯৫ কোটি টাকা। সেই অঙ্ক কমে হয়েছে ৬৪,০৪৬ কোটি।
বাকি টাকা কী করে দিতে হবে, তা-ও সংস্থাকে জানিয়েছে কমিটি। ২০৩১-৩২ অর্থবর্ষ থেকে টানা চার বছর ন্যূনতম ১০০ কোটি টাকা করে দেবে ভি। তার পরে মোট ছ’টি কিস্তিতে ২০৩৫-৩৬ অর্থবর্ষ থেকে টানা ছ’বছর ধরে চোকাবে। সংস্থা সূত্রের দাবি, এই সিদ্ধান্ত স্বস্তিদায়ক। এর ফলে সামগ্রিক বকেয়ার অঙ্কও কমছে। যা ছিল প্রায় ২ লক্ষ কোটি টাকা।
উল্লেখ্য, ডট ভুল পদ্ধতিতে বকেয়ার হিসাব কষেছে দাবি করে সুপ্রিম কোর্টে গিয়েছিল ভি। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে গত বছর শীর্ষ আদালত এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার ছাড়ে সরকারের উপর। কমিটি তৈরি করে বকেয়ার হিসাব ফের খতিয়ে দেখতে বলা হয় ডটকে। তার উপর ভি জানিয়েছিল, সরকার পাশে না দাঁড়ালে সংস্থা গুটিয়ে নিতে হবে। এই পরিস্থিতিতে কমিটির কিছুটা বকেয়া মকুব এবং সহজ কিস্তিতে বাকিটা শোধের সুবিধা ভি-কে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষত প্রায় দু’বছর ধরে গ্রাহক হারানোর পরে গত ফেব্রুয়ারি ও মার্চে যেহেতু মোট ১.২২ লক্ষ নতুন গ্রাহক যোগ করতে পেরেছে এই সংস্থা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে