অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। ছবি: পিটিআই।
ভারতে রয়েছেন। বক্তাদের তালিকায় নামও রয়েছে। কিন্তু নয়াদিল্লিতে সোমবার থেকে শুরু হওয়া কৃত্রিম মেধা (এআই) শীর্ষ সম্মেলনে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের উপস্থিতি নিয়ে টানাপড়েন অব্যাহত। সরকারি সূত্রের দাবি, তিনি সম্মেলনে থাকবেন না। যদিও তাঁর প্রতিষ্ঠানের মুখপাত্র আবার জানাচ্ছেন, হাজির হবেন গেটস। ফলে সব মিলিয়ে তাঁর থাকা-না থাকা নিয়ে এখনও ধোঁয়াশা বহাল।
এআই ইমপ্যাক্ট সামিট-এ বিশ্বের তথ্যপ্রযুক্তি শিল্পে তাবড় ব্যক্তিত্বদের সঙ্গে থাকার কথা শিল্প মহল, নীতিপ্রণেতা এবং বিভিন্ন দেশের নেতাদের। সোমবার এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানের সূচি অনুযায়ী সেখানে বক্তা হিসেবে নাম ছিল বিল গেটসেরও। যাঁর সংস্থা গত কয়েক বছর ধরেই কৃত্রিম মেধা, ক্লাউড প্রযুক্তির মতো ক্ষেত্রে ব্যবসা বাড়ানোর দিকে নজর দিচ্ছে। সূচি অনুসারে, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টা ৫০-এ নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলনের মঞ্চে ওঠার কথা ছিল গেটসের। কিন্তু সূত্রের খবর, মঙ্গলবারের প্রকাশিত তালিকায় তাঁর বক্তৃতার কথা তো নেই-ই। কোথাও নামও নেই গেটসের।
সরকারি সূত্র জানাচ্ছে, আমেরিকায় যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্কের গভীরতা সামনে আসার পরে অস্বস্তিতে পড়েছেন গেটস। যদিও এপস্টিনের সঙ্গে কোনও ‘অপরাধমূলক কাজে লিপ্ত থাকার’ অভিযোগ এখনও পর্যন্ত ওঠেনি তাঁর বিরুদ্ধে। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, গেটস বিলক্ষণ জানেন সামনে এলে এপস্টিন কাণ্ড নিয়ে প্রশ্নের মুখে তাঁকে পড়তেই হবে। তাই ভারতের এআই শীর্ষ সম্মেলন এড়িয়ে যেতে পারেন তিনি। তবে সংবাদ সংস্থার পাঠানো এক ই-মেলে তাঁর প্রতিষ্ঠানের মুখপাত্রের দাবি, ‘‘বিল গেটস এআই ইমপ্যাক্ট সামিটে উপস্থিত থাকবেন। সময়সূচি মেনে তিনি বক্তৃতাও দেবেন।’’
সংশ্লিষ্ট মহলের মতে, সম্মেলনে আসার কথা ছিল তথ্যপ্রযুক্তি সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং-এর। তাঁকে ঘিরে উৎসাহও ছিল প্রবল। কিন্তু হঠাৎই গত সপ্তাহে ভারত সফর বাতিল করেন তিনি। তাঁর সংস্থা স্পষ্ট কোনও কারণ না জানালেও, একাংশের মতে গেটসের উপস্থিতিই ছিল কারণ। তবে সোমবার ভারতে এসে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু-সহ সরকারি কর্তাদের সঙ্গে দেখা করেছেন গেটস।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে