—প্রতীকী চিত্র।
গৃহস্থের রান্নার গ্যাসের জোগান অব্যাহত রাখতে কোপ পড়ল বাণিজ্যিক সিলিন্ডারে। সোমবার ইন্ডিয়ান অয়েল ডিস্ট্রিবিউটরদের বলেছে, আপাতত স্কুল-কলেজ, হাসপাতালের মতো কিছু ক্ষেত্র ছাড়া ১৯ কেজির সিলিন্ডার বিক্রি করা যাবে না। এতে আতান্তরে হোটেল-রেস্তরাঁগুলি। কী ভাবে ব্যবসা চলবে, তা-ই চিন্তার কারণ। এ জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে তাদের সর্বভারতীয় সংগঠন এনআরএআই। এই নির্দেশে উল্টে গৃহস্থের গ্যাস বেআইনি ভাবে হোটেলে ব্যবহার করা হবে কি না, উঠছে প্রশ্নও।
পূর্বাঞ্চলের হোটেল ও রেস্তরাঁগুলির সংগঠন এইচআরএআই-এর সভাপতি সুদেশ পোদ্দার সোমবার বলেন, ‘‘সরকারি বিবৃতি পাইনি। ডিলারদের অনুরোধ করেছি, কিছু দিন বিক্রি সম্পূর্ণ বন্ধ না করতে।’’ তাঁর দাবি, রবিবার পর্যন্ত যা বুক করেছিলেন, তার অর্ধেক সিলিন্ডার মিলেছে। গ্যাসের দাম বৃদ্ধির জন্য মুনাফা ২% পর্যন্ত কমতে পারে।
অউধ ১৫৯০ ও চাউম্যানের কর্ণধার শিলাদিত্য চৌধুরী জানান, নির্দেশের কথা শুনেছেন। হাতে দিন পাঁচেকের সিলিন্ডার মজুত রয়েছে। তার পরে বিদ্যুৎ ব্যবহার করে রান্না করা যেতে পারে। তবে সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, ছোট-মাঝারি রেস্তরাঁগুলির পক্ষে এত দ্রুত সেই ব্যবস্থা করা হয়তো সম্ভব নয়। ভরসার কথা, দু’তিন দিনে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে খবর।
ইন্ডেন ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশনের কর্তা বিজন বিশ্বাসও জানান, ‘‘পরিস্থিতি বদলালে সিদ্ধান্ত ফিরে দেখা হবে। তবে তা দ্রুত না হলে বুধবার থেকে বন্ধ হতে পারে অধিকাংশ হোটেল-রেস্তরাঁ।’’ বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোমবার থেকে সিলিন্ডার দেওয়া বন্ধ হয়েছে। কেন্দ্রের আশ্বাসের কথা উল্লেখ করে তাদের প্রশ্ন, এত দ্রুত কী হল যে এই সিদ্ধান্ত নিতে হল।
এই সিদ্ধান্তে খাবারের দাম বাড়বে কি না, জানতে চাইছেন ক্রেতারা। ওহ ক্যালকাটা ও মেনল্যান্ড চায়নার কর্তা দেবাশিস ঘোষ বলেন, ‘‘রেস্তরাঁ বন্ধ বা খাবারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত এখনই নেওয়া হবে না।’’ মঙ্গলবার অবস্থা দেখে সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতার এক বিরিয়ানি চেন। আর হরিণঘাটার একটি ছোট হোটেলের মালিক সত্যজিৎ পাল বলেন, ‘‘বাণিজ্যিক সিলিন্ডার না পেলে পাঁচ-সাত দিন ঘরের সিলিন্ডার দিয়ে কাজ চালাব। তাতেও না চললে ব্যবসা বন্ধ করতে হবে।’’ সরকারি সূত্রের দাবি, অনেক দেশ থেকে গ্যাস আনার কথা চলছে। দেশেও উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে