Share Market

অশোধিত তেলের দাম বাড়তেই নামল শেয়ারবাজার, তলানি ছুঁয়ে ফেলল টাকাও

সকালের লেনদেনে সেনসেক্স প্রায় ১২৩৮ পড়ে নেমে গেল ৭৬,২৫৮.৮৬ অঙ্কে। ৩০০ পয়েন্টের বেশি পড়ে ২৩,৮৫৬-র কাছে পিছলে গেল নিফ্‌টি-ও। পড়তি বাজারে ভাল শেয়ার কেনার হিড়িকে অবশ্য লেনদেনের দ্বিতীয়ার্ধে কিছুটা জমি উদ্ধার হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৮:৫০
Share:

— প্রতীকী চিত্র।

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১২৬ ডলারে উঠতেই ধস নামল ভারতের শেয়ার বাজারে। সকালের লেনদেনে সেনসেক্স প্রায় ১২৩৮ পড়ে নেমে গেল ৭৬,২৫৮.৮৬ অঙ্কে। ৩০০ পয়েন্টের বেশি পড়ে ২৩,৮৫৬-র কাছে পিছলে গেল নিফ্‌টি-ও। পড়তি বাজারে ভাল শেয়ার কেনার হিড়িকে অবশ্য লেনদেনের দ্বিতীয়ার্ধে কিছুটা জমি উদ্ধার হয়েছে। তবে শেষ পর্যন্ত বাজার বন্ধ হয়েছে পতনেই। সেনসেক্স ৫৮২.৮৬ পড়ে থেমেছে ৭৬,৯১৩.৫০ অঙ্কে। নিফ্‌টি বন্ধ হয়েছে ২৩,৯৯৭.৫৫-তে। নেমেছে ১৮০.১০। টাকাও বৃহস্পতিবার সকালে নামে নজিরবিহীন তলানিতে। এক ডলার ৯৫ পেরিয়ে এই প্রথম উঠে যায় ৯৫.৩২ টাকায়, যা সর্বোচ্চ। তবে দিনের শেষে টাকা উঠেছে। ডলার ৪ পয়সা পড়ে হয়েছে ৯৪.৮৪ টাকা।

আইসিএআই-এর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত বলেন, ‘‘অশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক উদ্বেগ নিয়ে বিশ্বব্যাপী আলোড়ন ভারতীয় টাকাকে আশঙ্কাজনক ভাবে আঘাত করছে। তার উপর এ দেশে লাগাতার শেয়ার বিক্রি করছে বিদেশি লগ্নি সংস্থাগুলি। ফলে ডলারের বাড়তি চাহিদায় আরও দুর্বল হচ্ছে ভারতীয় মুদ্রা। রফতানির থেকে বেশি আমদানি বাণিজ্য ঘাটতি বাড়িয়ে দিচ্ছে। তাতেও দেশ থেকে বেরিয়ে যাচ্ছে প্রচুর ডলার।’’ তাঁর মতে, আপাতত টাকার দামে অস্থিরতা বহাল থাকবে। বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, ‘‘শেয়ার বাজারও চূড়ান্ত ঝুঁকির মধ্যে রয়েছে। যুদ্ধের প্রভাব এখনও সামান্য। কিন্তু আগামী দিনে বিশাল আকার নিতে পারে। অশোধিত তেলের ১০০ ডলারের বেশি দাম ভারতের আমদানি বিল বাড়াচ্ছে। সব মিলিয়ে অনিশ্চয়তা তুঙ্গে।’’ এই ঝুঁকির বাজারে লগ্নিকারীকে সাবধানে পা ফেলতে বলছেন কমল-সহ সব বিশেষজ্ঞরাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন