Industrial Output Growth

যুদ্ধের জের, পাঁচ মাসের তলানিতে নামল শিল্পবৃদ্ধির হার

এ দিন কেন্দ্র জানিয়েছে, মার্চে উৎপাদন শিল্পের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৩%। ভাল ফল করেছে খনন (৫.৫%)। তবে বৃদ্ধির গতি অনেকটা কমেছে বিদ্যুতের ক্ষেত্রে (০.৮%)। সব মিলিয়ে আবার উৎপাদন শিল্পের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে ধাতু, গাড়ি-ট্রেলার এবং যন্ত্রপাতির মতো শিল্পগুলিতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৫:২১
Share:

— প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত মাসে ভারতে ধাক্কা খেয়েছে কল-কারখানায় উৎপাদন। যার জেরে মার্চে পাঁচ মাসের তলানিতে নামল শিল্পবৃদ্ধির হার। মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান জানাচ্ছে, গত মাসে দেশে শিল্পোৎপাদন বেড়েছে ৪.১% হারে। কারখানায় উৎপাদন ছাড়াও কমেছে বিদ্যুৎ উৎপাদনের গতি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ফেব্রুয়ারির শেষ দিন থেকে ইরানের সঙ্গে আমেরিকা-ইজ়রায়েলের যুদ্ধ শুরুর জের পুরো মার্চে দেশের শিল্পোৎপাদনে পড়েছে। বহু শিল্পে কাঁচামাল আমদানি করা যায়নি। অনেকগুলিতেই জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। ফলে ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ মাসে যে শিল্পবৃদ্ধির হার মাথা নামাবে, সেটা প্রত্যাশিত ছিল। সরকারের পরিসংখ্যান সেই ছবিই তুলে ধরেছে। এর আগে গত বছর অক্টোবরে ০.৫ শতাংশে নেমেছিল শিল্পবৃদ্ধি। আর ২০২৫ সালের মার্চে শিল্পোৎপাদন বেড়েছিল ৩.৯%।

এ দিন কেন্দ্র জানিয়েছে, মার্চে উৎপাদন শিল্পের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৩%। ভাল ফল করেছে খনন (৫.৫%)। তবে বৃদ্ধির গতি অনেকটা কমেছে বিদ্যুতের ক্ষেত্রে (০.৮%)। সব মিলিয়ে আবার উৎপাদন শিল্পের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে ধাতু, গাড়ি-ট্রেলার এবং যন্ত্রপাতির মতো শিল্পগুলিতে। জোগান বেড়েছে অন্যান্য শিল্পে কাজে লাগে এমন মূলধনী পণ্য এবং পরিকাঠামোর কাজে লাগে এমন পণ্যেরও। যদিও চলতি অর্থবর্ষের পুরোটা বিচার করলে সেই অর্থে মাথা তোলেনি শিল্পবৃদ্ধির হার। তা রয়েছে ৪.১ শতাংশে।

আইসিএআই-এর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্তের বক্তব্য, ‘‘যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও চাহিদা ধাক্কা খেয়েছে। যার প্রভাব পড়েছে শিল্পোৎপাদনে। তার উপরে আমেরিকার সুপ্রিম কোর্টের নির্দেশে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চড়া শুল্ক তুলে নিলেও, পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে তার পুরো সদর্থক প্রভাব মার্চে পড়েনি। নিউ জ়িল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছনো গিয়েছে বটে। তবে সেটা কার্যকর হওয়া বাকি। ফলে সব মিলিয়ে কল-কারখানার মতো বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনই ততটা বৃদ্ধির মুখ দেখতে পারেনি গত মাসে।’’ এই সমস্ত ঘটনা আগামী দিনে দেশের কাজের বাজারেও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তিনি। যার জেরে মাথা তুলতে পারে বেকারত্বের হার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন