ভাল বর্ষা, কম সুদ, নীচে থাকা মূল্যবৃদ্ধি ও জ্বালানির কম দাম। এই সব কিছুকে পুঁজি করেই জুলাইয়ে গাড়ি বিক্রি বাড়াল সংস্থাগুলি।
এই সময় এক মাসে সর্বাধিক গাড়ি বিক্রির নজির গড়েছে মারুতি-সুজুকি। যা আগের বছরের একই সময়ের থেকে ১৪% বেশি। তাদের দামি গাড়ি ও ‘ইউটিলিটি ভেহিক্ল’গুলির (যেমন আর্টিগা, ভিতারা ব্রেজা, এস- ক্রস) বিক্রি দ্বিগুণের বেশি বাড়াই যার মূল কারণ। ৪.১% বিক্রি বেড়েছে ব্যালেনো, ডিজায়ার, সুইফটের মতো কমপ্যাক্ট গাড়িরও। তবে যে ছোট ও কম দামি গাড়ির জন্য সংস্থাটির খ্যাতি, সেই ‘মিনি’র (যেমন অল্টো, ওয়াগনআর) বিক্রি কমেছে ৭.২%।
১২.৭% বিক্রি বেড়েছে প্রতিদ্বন্দ্বী হুন্ডাই মোটরের। সংস্থার দাবি, নানা কারণে ক্রেতাদের মধ্যে গাড়ি কেনার আগ্রহ বাড়ার দৌলতেই কপাল খুলেছে তাদের। ফোর্ডের বিক্রি বৃদ্ধির হার ৬২ শতাংশেরও বেশি। টয়োটা কির্লোস্কার মোটরের ২.৭৬%। ফোক্সভাগেনের ৬.৭৫%। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা ও টাটা মোটরসের বিক্রি বেড়েছে যথাক্রমে ১৪% ও ৭.৪৮%।
ছোট গাড়ির বাজারে মারুতিকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া ফরাসি বহুজাতিক রেনোর বিক্রি গত মাসে বেড়েছে সাত গুণেরও বেশি। ছোট গাড়ির বাজারে আর এক সংস্থা নিসানের বিক্রি বেড়েছে দ্বিগুণ। তাদের নতুন গাড়ি রেডি-গো নিয়ে ক্রেতাদের উৎসাহই এর অন্যতম কারণ, দাবি সংস্থার এমডি অরুণ মলহোত্রর। তবে বিক্রি ২৪.৫% কমেছে আর এক জাপানি বহুজাতিক হোন্ডা কারস ইন্ডিয়ার। বিক্রি বেড়েছে দু’চাকা ও বাণিজ্যিক গাড়িরও।