কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।
ফেব্রুয়ারি মাসে শেষ গোল করেছিলেন। তার পর চোটে বেশ কিছু দিন খেলতে পারেননি। চোট সারিয়ে ফিরে আবার গোলে ফিরলেন কিলিয়ান এমবাপে। গোল করলেন ভিনিসিয়াস জুনিয়রও। তাঁদের গোলে আলাভেসকে ২-১ গোলে হারিয়ে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। পর পর দু’ম্যাচ অধরা থাকার পর আবার জিতল রিয়াল।
৩০ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। বক্সের বাইরে থেকে শট মারেন তিনি। ডিফেন্ডারের পায়ে লাগায় বল দিক পরিবর্তন করে। ফলে আলাভেসের গোলরক্ষক আন্তোনিয়ো সিভেরার কিছু করার ছিল না। আলাভেসের হয়ে সমতা প্রায় ফিরিয়ে দিয়েছিলেন টনি মার্তিনেস। কিন্তু তাঁর শট পোস্টে লেগে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় প্রায় ২৫ হজ দূর থেকে গোল করেন ভিনিসিয়াস। ব্রাহিম দিয়াজ় দলের তৃতীয় গোল প্রায় করে ফেলেছিলেন। কিন্তু তাঁর হে়ড গোললাইন সেভ হয়। সংযুক্তি সময়ে এক গোল শোধ করেন মার্তিনেস। কিন্তু তাতে লাভ হয়নি। হেরে মাঠ ছাড়ে আলাভেস।
এই জয়ের পর ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে বার্সেলোনা। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭৯। অর্থাৎ, আপাতত ৬ পয়েন্ট পিছিয়ে রিয়াল। কিন্তু বুধবার বার্সা যদি সেল্টা ভিগোকে হারায় তা হলে ব্যবধান ৯ পয়েন্ট হয়ে যাবে। বার্সার ম্যাচের পর দু’দলের কাছে ছ’টি ম্যাচ থাকবে। তার মধ্যে রিয়ালের পক্ষে বার্সাকে টপকানো কঠিন। কিন্তু লড়াইয়ে রয়েছেন এমবাপেরা।